জাহিদুল হত্যায় ওমর ফারুকসহ পাঁচজন রিমান্ডে
আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যাকাণ্ডের ঘটনার গ্রেপ্তার অন্যতম পরিকল্পনাকারী ওমর ফারুকসহ (৫২) পাঁচজনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর আজ রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক শওকত আকবর।
রিমান্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ (৩৮), নাসির উদ্দিন ওরফে কিলার নাসির (৩৮), মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ (৫১) ও আরফান উল্লাহ। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওমর ফারুকসহ চারজনকে রমনা, মিরপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। আর আরমানকে গ্রেপ্তার করে ডিবি। র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন গতকাল সংবাদ সম্মেলনে বলেন, আসামিরা র্যাবকে জানিয়েছেন, তাঁরা হত্যাকারী ও সহযোগীকে চেনেন না। হত্যাকারীকে ভাড়া করা থেকে শুরু করে হত্যার যাবতীয় পরিকল্পনার সমন্বয়কারী মুসা। হত্যাকাণ্ডের দিন নাসির ও পলাশ এজিবি কলোনি থেকে টিপুকে অনুসরণ করেছেন। আর ওমর ফারুকও শাহজাহানপুর এলাকায় ছিলেন। টিপুর গতিবিধি তাৎক্ষণিকভাবে মুসাকে জানিয়েছেন তাঁরা। আর মুসা সে আপডেট জানিয়েছেন হত্যাকারীদের। টিপুকে গুলির পর মুসাকে মেসেজ দেয় নাসির ‘ইট ইজ ডান’।
২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে খুন হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮)। সে সময় সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২)গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলকে বহন করা মাইক্রোবাসের চালকও।
হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে খন্দকার আল মঈন বলেন, বছরের পর বছর ধরে টিপুর সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিসহ মতিঝিলকেন্দ্রিক রাজনীতিবিদ ও আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের দ্বন্দ্ব ছিল। মতিঝিল এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্কুল-কলেজের ভর্তি-বাণিজ্য ও কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারের নিয়ন্ত্রণ নিয়ে এসব দ্বন্দ্ব ছিল।
র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, ২০১৩ সালে যুবলীগ নেতা মিল্কী হত্যাকাণ্ড হয়। আসামিদের চারজনই মিল্কীর অনুসারী। তাঁরা বিশ্বাস করেন, মিল্কী হত্যাকাণ্ডে জাহিদুল ইসলাম টিপু জড়িত। মিল্কী হত্যার পর বিচারের দাবিতে টিপুর বিরুদ্ধে পোস্টারিং, মিছিল, মানববন্ধন, আলোচনা সভা করেন গ্রেপ্তার ব্যক্তিরা।