জাহিদের কীর্তি থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি নির্মাণের জন্য চাঁদা না দেওয়ায় যুবলীগ নেতা জাহিদ হাসান ও তাঁর সন্ত্রাসী বাহিনী এক সাংবাদিককে অপহরণ করেছে। খবর পেয়ে র্যা ব অপহৃত সাংবাদিককে উদ্ধারে অভিযানে নামলে সন্ত্রাসীরা তাঁকে রেখে পালিয়ে যায়। গত শনিবার মুন্সিগঞ্জ পৌরসভার ইদ্রাকপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফজলুল হক মামলা করেছেন। এতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান ও মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পারভেজ ওরফে হীরাসহ চারজনকে আসামি করা হয়েছে।
বাদী ফজুলল হক ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নিরপেক্ষ বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তাঁর বাবা প্রয়াত নুরুল ইসলাম মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
সাংবাদিক ফজলুল হকের অভিযোগ, মামলা করায় সন্ত্রাসী জাহিদ গংরা এখন তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা তুলে নিতে বলছে। মামলার পরও জাহিদ গংরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
মামলার বিবরণে জানা যায়, সাংবাদিক ফজলুল হক ও তাঁর পরিবার পৌরসভার ইদ্রাকপুরে নতুন ভবন নির্মাণ করছিলেন। এ জন্য জাহিদ হাসান ও হীরা গংরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাহিদামতো টাকা না দেওয়ায় শনিবার দুপুরে তারা ফজলুল হকের বাড়িতে এসে অস্ত্রের মুখে নির্মাণকাজ বন্ধ করে দেয়। এরপর তাঁকে ও নির্মাণশ্রমিক সাগরকে তুলে নিয়ে যায়। তাঁদের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ব্যাপক মারধর করে জাহিদ ও হীরা। ইতিমধ্যে র্যা ব আসার খবর পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
যুবলীগ নেতা জাহিদের বিরুদ্ধে ২৯ জুন প্রথম আলোতে ‘এক জাহিদের অনেক কীর্তি’ ও ৪ জুলাই ‘বাঁধের বারোটা বাজিয়ে ব্যবসা’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পুলিশের একটি সূত্র জানায়, জাহিদের বিরুদ্ধে দুটি হত্যা এবং চাঁদাবাজি, মাদক, অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ আটটি মামলা রয়েছে।
মুঠোফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে যুবলীগ নেতা জাহিদ ও বিএনপি নেতা ইব্রাহীমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে দুই সপ্তাহ আগে অপর একটি প্রতিবেদনের জন্য বক্তব্য নেওয়ার সময় জাহিদ এ প্রতিবেদকে বলেছিলেন, ‘এমন অনেক সাংবাদিক দেখেছি। আমার বিরুদ্ধে লিখে কিছু করতে পারবেন না। বরং আমিই বলে দিই আমার বিরুদ্ধে আপনি কি লিখবেন।’
এর দুই সপ্তাহের মাথায় সাংবাদিক অপহরণের ঘটনা ঘটালেন যুবলীগ নেতা জাহিদ।
জানতে চাইলে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, জাহিদসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সেই মোতাবেক কাজ করছে।