জায়গা উদ্ধার হয়নি, আরও পাঁচ বিঘা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদের প্রায় ২৫ বিঘা অংশ দখল করে আবাসন প্রকল্প করার কারণে মামলা হয়েছিল। দখলস্থান ছাড়ার নির্দেশও দেওয়া হয় কয়েক দফায়। কিন্তু গতকাল বুধবার সরকারের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে দেখা গেল, দখলের স্থান তো উদ্ধার হয়ইনি, আরও ৫ বিঘা জায়গা দখল হয়েছে।
আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্ট লিমিটেড নামের এই আবাসন প্রকল্পটি রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর মৌজায় বছিলা সেতুর উত্তরে। তুরাগ নদে প্রকল্পের কাজ শুরু হয় বেশ কয়েক মাস আগে। এ ঘটনায় গত ২১ জুন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আবাসন কোম্পানিটির তিনজন পরিচালকের বিরুদ্ধে মামলা করে। এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদনও প্রকাশিত হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে নদের জায়গা উদ্ধার অভিযানে গিয়েছিল। সঙ্গে ছিলেন ধানমন্ডি সার্কেলের সহকারী কমিশনারের কার্যালয়ের (ভূমি) পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরাও। উচ্ছেদের আগে নদের ১১টি খুঁটি ধরে আবারও সীমানা নির্ধারণের কাজে হাত দেয় অভিযানকারীরা। দেখা যায়, আগে যেখানে ২৫ বিঘা নদের জায়গা দখল হয়েছিল, তিন মাসেরও কম সময়ে তা আরও পাঁচ বিঘা বেড়ে গেছে। পরে প্রায় তিন ঘণ্টা ধরে নতুন করে খুঁটি বসানোর কাজ পরিচালনা করে অভিযানকারী দল।
একপর্যায়ে আবাসন কোম্পানিটির ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন অভিযানকারী দলকে বোঝানোর চেষ্টা করেন যে রিভাইজ জরিপ (আরএস) অনুসারে এই জায়গা তাঁদের। সাংবাদিকদেরও তিনি বলেন, ক্রয়সূত্রে তাঁরা এই জমি পেয়েছেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. সাইফুল ইসলাম বলেন, দখল করা জায়গাটি কাটাসুর মৌজার সিএস ৮৯১ ও ৮৯২ দাগ এলাকার। ক্যাডেস্ট্রাল জরিপ (সিএস) অনুসারে নদীর জায়গা নির্ধারিত হয়।