চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় মন্দিরের নিরাপত্তায় পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের ওই হামলার জন্য মন্দির কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমবায় সমিতি নামের একটি সংগঠনকে দায়ী করেছে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, জায়গা দখলের জন্য এ হামলা চালানো হয়। তবে মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমবায় সমিতির নেতারা গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ অস্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে বাহির সিগন্যাল এলাকার শ্রী শ্রী মা চণ্ডী মন্দিরে হামলা চালায় একদল লোক। এ ঘটনার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের লোকজন গত শুক্রবার সকালে মন্দির-সংলগ্ন আরাকান সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হামলার ঘটনার বর্ণনা দিয়ে মন্দির পরিচালনা কমিটির সভাপতি রূপক কান্তি দেবনাথ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীরা ৭০-৮০ জন ছিল। তাদের হাতে লাঠিসোঁটা ও ধারালো কিরিচ ছিল। খবর পেয়ে আমরা ১০-১২ জন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিই। পুলিশ এসে হামলাকারীদের সরিয়ে দেয়। হামলাকারীরা মন্দিরের দানবাক্স ও প্রায় তিন ভরি স্বর্ণ লুট করে। পূজার ঘর তছনছ করা হয়।’ তিনি বলেন, শুক্রবার ভোরে হামলাকারীরা আবার এসে মন্দিরের জায়গায় ঘর বানানোর চেষ্টা করলে তাঁরা প্রতিবাদে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ হামলাকারীদের সরিয়ে দিয়ে সেখানে পাহারা বসায়। এখন পরিস্থিতি শান্ত আছে।
এদিকে মন্দিরে হামলার ঘটনা অস্বীকার করে মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমবায় সমিতি গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এতে সংগঠনের সভাপতি আজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম ইসহাকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এস এম ইসহাক চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধারা কোনো উপাসনালয়ে হামলা চালাতে পারে না। বরং তারা আমাদের অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’
মন্দিরে হামলার বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা বহুমুখী সমিতির ব্যানারে একদল লোক মন্দির এলাকায় ঘর বানাতে আসে। এটা রেলের পরিত্যক্ত জায়গা। দুপক্ষই নাকি ইজারার জন্য রেলের কাছে আবেদন করেছে।
এ বিষয়ে পূর্বাঞ্চল রেলেওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইসরাত রেজা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মন্দির কর্তৃপক্ষ বাহির সিগন্যাল এলাকায় ২০১২ সালে ১০ গন্ডা জমি দীর্ঘ মেয়াদে ইজারা নেওয়ার জন্য আবেদন করে। ২০০৬ সালের নীতিমালা অনুযায়ী দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধা বহুমুখী সমিতিও জমিটি ইজারা নিতে আবেদন করেছিল। তাদের আবেদন গ্রহণ করা হয়নি। পরে তারা হাইকোর্টে রিট করে। হাইকোর্ট সেখানে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন।