জায়গাজমির বিরোধে ব্যবসায়ী গুলিবিদ্ধ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘি এলাকায় জায়গাজমির বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় স্থানীয় এক ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত আটটার দিকে এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মো. আবু তাহের (৩৫)। তিনি ওই এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে এবং স্থানীয় দেওদীঘি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওদীঘি বাজার এলাকার একটি জায়গা নিয়ে নাছির ও হোসেন নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। কয়েক দিন আগে থেকে ওই বিরোধপূর্ণ জায়গায় হোসেন নির্মাণকাজ শুরু করলে নাছির তাঁর পক্ষের লোকজন নিয়ে শুক্রবার রাত আটটার দিকে নির্মাণকাজে বাধা দেন এবং গুলিবর্ষণ করেন। এতে ওই এলাকার মুদির দোকানদার ও ব্যবসায়ী নেতা তাহের গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় ব্যবসায়ী ও স্বজনেরা গুলিবিদ্ধ তাহেরকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে অভিযান চালিয়ে আবু তাহের (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলীনগর এলাকার মো. হোসেনের ছেলে।
আহত ব্যবসায়ীর খালাতো ভাই মো. জোবায়ের বলেন, জায়গাজমির বিরোধ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা চলাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে খালাতো ভাই তাহের আহত হয়েছেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক নাজমুল হক বলেন, জায়গাজমির বিরোধ নিয়ে নাছির ও তাঁর পক্ষের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করলে স্থানীয় এক ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, হোসেন ও নাছিরের মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ জায়গায় হোসেন নির্মাণকাজ শুরু করলে শুক্রবার রাতে কিছু লোক এসে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।