জায়গার দখল নিতে মিরপুরের ঝুটপট্টিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গার দখল নিতে মিরপুর ওয়াপদা কলোনির সামনের ঝুটপট্টিতে ৭ জানুয়ারি দিবাগত রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এর এক দিন পরই সরকারি সেই জায়গায় ইট-সিমেন্ট দিয়ে দোতলা মার্কেট নির্মাণের কাজ শুরু করা হয়।
ওয়াপদা কলোনির বাসিন্দাদের অভিযোগ, প্রায় ২৫ বছর ধরে ঝুপড়ির অস্থায়ী দোকান তৈরি করে জায়গাটি নিজেদের দখলে রেখেছিল এই দুর্বৃত্তরা। পাকা মার্কেট করে এখন স্থায়ীভাবে জায়গাটি দখলে নিতে চায় তারা। এ জন্য জায়গা ফাঁকা করতে আগুন দেওয়া হয়। ওয়াপদা কলোনির বাসিন্দারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও বাসিন্দারা জানান। তাঁরা বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়ে ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে আবেদন করেছেন কলোনির বাসিন্দারা। কিন্তু জায়গাটি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি।
জানা গেছে, ১৯৭১ সালের আগে তৎকালীন পাকিস্তান আমলে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের জন্য চারতলার ছয়টি ভবন নির্মাণ করা হয়, যা ওয়াপদা কলোনি নামে পরিচিত। প্রতিটি ভবনে দুই কক্ষের ২৪টি ফ্ল্যাট রয়েছে। ভবনগুলোর বাইরে উন্মুক্ত সরকারি জায়গা আছে। স্বাধীনতার পর এসব ভবনে আটকে পড়া পাকিস্তানিরা বসবাস শুরু করে। বর্তমানে এসব কলোনিতে পাঁচ হাজার মানুষ বসবাস করে। তবে জনবসতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কলোনির সামনের জায়গা স্থানীয় ব্যক্তিরা দখল করে একাধিক ছোট ঝুপড়ি দোকান নির্মাণ করে। ৮০ দশকে মিরপুর এলাকায় একাধিক পোশাক কারখানা গড়ে উঠলে ওয়াপদা কলোনির সামনের এই জায়গায় ঝুট কাপড়ের ব্যবসায়ীরা এসব দোকান ভাড়া নেন।
ওয়াপদা কলোনি ও এর আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝুট ব্যবসার দ্বন্দ্বকে কেন্দ্র করে এই এলাকায় প্রতিবছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া চাঁদাবাজি, হত্যাকাণ্ডের মতো একাধিক ঘটনাও ঘটেছে। ২০১৫ সালে ১৪ জানুয়ারি ঝুটপট্টির আওয়ালের মার্কেটে আগুন লাগে ওয়াপদা কলোনিতে।
ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কিন্তু কমিটির প্রতিবেদন সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ। তবে ঝুট মালিক সমিতির সভাপতি মান্নান খান বলেন, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ঝুটপট্টি থেকে মিরপুর ফায়ার স্টেশনের দূরত্ব মাত্র আধা কিলোমিটার। কিন্তু দোকান-মালিকেরা সেদিন আগুন লাগার খবর তাঁদের দেননি। ৯ জানুয়ারি ওয়াপদা কলোনির সামনের জায়গাটিতে ইট-বালু এনে দোকান নির্মাণের কাজ শুরু করেন ইদ্রিস আলী, তাঁর মেয়ের জামাই বারেক, কালাম, আবুল কাশেম নামের কয়েক ব্যক্তি। কলোনির বাসিন্দারা বাধা দিলে তাঁদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে।
পরে জায়গাটি দখলমুক্ত করার জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন ওয়াপদা কলোনির বাসিন্দা শাহ মান্না। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সহায়তা চাওয়া হয়। তিনি কলোনিতে যাতায়াতের জায়গা ছেড়ে দিতে বলেন। কিন্তু দখলদারেরা তা না দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখে। এখন দোতলা মার্কেটের নির্মাণকাজ চলছে। প্রায় ২০টি দোকান তৈরি করা হবে এখানে।
দোকান তৈরির সঙ্গে জড়িত আবুল কাশেম বলেন, পাকিস্তান আমলে তাঁদের এই জায়গা সরকার অধিগ্রহণ করেছিল। এখন ওয়াপদার কর্মচারীরা থাকেন না। বিহারিরা বসবাস করে। কিন্তু সরকার পুনর্বাসনের ব্যবস্থা না করায় তাঁরা বাধ্য হয়ে এখানে রয়েছেন। বেড়ার দোকানে আগুন লাগে। তাই পাকা দোকান করা হচ্ছে। প্রতিটি দোকানের ভাড়া হবে তিন-চার হাজার টাকা। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলতে বলেন তিনি।
ঝুট ব্যবসা ও দোকান তৈরির বিপক্ষে দাবি করে কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম বলেন, বাঙালি-বিহারি সবাই ওয়াপদা কলোনির সামনে সরকারি এই জায়গায় দোকান তৈরি করছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বিষয়টি দেখতে বলেছেন।