জায়ায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৪৬ জন গ্রেপ্তার
তিন জেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও জেএমবির এক সদস্যসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে জেলা জামায়াতের সাবেক আমির মো. ইউনুস আলীকে (৫৫) সোমবার রাতে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গতকাল সকালে ছেলে মুসান্না আল গালিব (২৪) বাবা মো. ইউনুস আলীর সঙ্গে দেখা করতে গেলে পুলিশ তাঁকেও আটক করে।
একই রাতে গুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুল খালেক মোল্লা (৫০) এবং লালপুর উপজেলা শিবিরের (পূর্ব শাখা) সভাপতি আমিরুল ইসলাম (৩০) ও মোহাইমেনুল ইসলাম (২২) নামে এক শিবির কর্মীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আমিরুল উপজেলার নুরুল্লাপুর গ্রামের আমজাদ হোসেনের এবং মোহাইমেনুল ওয়ালিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা: জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ফেনী: সোনাগাজীতে আবু দাউদ ওরফে জেএমবি দাউদ (৩৮) নামের জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞারহাট এলাকা থেকে সোনাগাজী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।
২০০১ সালে সিলেটে এক জনসভায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা চালায় জেএমবির সদস্য আবু ওবায়েদা হারুন ওরফে জেএমবি হারুন। আবু দাউদ ওই মামলায় বর্তমানে পলাতক জেএমবি হারুনের বড় ভাই।