জিআর কর্মসূচির ৬০০ মেট্রিক টন চাল আত্মসাৎ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুয়া অনুষ্ঠান দেখিয়ে খাদ্য ও অর্থ সহায়তা (জিআর) কর্মসূচির ৬০০ মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের একজন সহকারী কয়েকজন কর্মকর্তার যোগসাজশে চালানটি আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম সারওয়ার সরেজমিনে পরিদর্শন করে ওই অভিযোগের সত্যতা পেয়েছেন। তাঁর সুপারিশের পরিপ্রেক্ষিতে এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেব প্রসাদ পাল এর আহ্বায়ক। কমিটির অপর দুই সদস্য হলেন জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম। ৮ সেপ্টেম্বর গঠিত এ কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৫-১৬ অর্থবছরের শেষ দিকে জীবননগর উপজেলায় ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। সরকারি মূল্য প্রতি মেট্রিক টন ৩৬ হাজার ৬৬৪ টাকা ৩৯ পয়সা হিসাবে এ চালের দাম ২ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৬৩৪ টাকা। গত ২৬ জুন অধিদপ্তরের উপপরিচালক (ত্রাণ) ইফতেখারুল ইসলামের সই করা বরাদ্দপত্রটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। ২০০টি ধর্মীয় অনুষ্ঠানের প্রতিটিতে তিন মেট্রিক টন করে এ চাল বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দের তালিকা অনুযায়ী উপজেলার ৪৬টি গ্রামে ১৯৭টি ওয়াজ মাহফিল ও তিনটি নামযজ্ঞের কথা উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী খয়েরহুদা গ্রামে ১০টি, নিশ্চিন্তপুরে ৮টি, কাশিপুর, মনোহরপুর, শাখারিয়া, মাধবরপুর ও বাঁকায় ৭টি করে, হাসাদহ, শ্রীরামপুর, করিমপুর, বকুন্দিয়া, মেদেনীপুর, মিনাজপুর, দেহাটি, ধোপাখালি, রাজাপুর, মানিকপুর, সিংনগর, পনেরসূতা ও আন্দুলবাড়িয়ায় ৬টি করে, সুটিয়া, আলীপুর, কন্দর্পপুর, সদরপাড়া, কালা, বাজদিয়া ও শিয়ালমারীতে ৫টি করে, মোক্তারপুর, নতুনপাড়া ও সন্তোষপুরে ৪টি করে এবং বাকি ১৬টি গ্রামে ১ থেকে ৩টি করে ওয়াজ মাহফিল দেখানো হয়েছে।
খয়েরহুদা গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সদস্য খায়রুল কবীর বলেন, এ গ্রামে ওয়াজ মাহফিলের কোনো খবর তাঁর জানা নেই। যে ১০ জনের বাড়ির সামনে ওয়াজ মাহফিল হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, সেসব নামে কোনো মানুষই নেই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার বাড়ি মিনাজপুর গ্রামে। তিনি বলেন, ‘ওই গ্রামে একটি ওয়াজ মাহফিলও হয়নি।’
অনুসন্ধানে জানা গেছে, উপজেলা পিআইওর কার্যালয়ের অফিস সহকারী সাইফুর রহমান মালিক সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ নিয়ে আসেন। এসব বিক্রি করে তাঁরা টাকা আত্মসাৎ করেন।
ইউএনও নুরুল হাফিজ বলেন, ২৯ জুন সন্ধ্যায় তিনি বরাদ্দপত্রটি হাতে পান। পরদিন বরাদ্দপত্রে সই করেন। সময়স্বল্পতার কারণে পুরো বরাদ্দপত্র যাচাই করা সম্ভব হয়নি। তবে ৮ সেপ্টেম্বর বেশ কিছু অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসককে জানানো হয়েছে। এগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
জীবননগর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরান হোসেন বলেন, যাঁরা বরাদ্দপত্র এনেছেন, তাঁরাই চাল তুলেছেন। তিনি কাউকে চেনেন না।
উপজেলা পিআইও কার্যালয়ের অফিস সহকারী সাইফুর রহমান মালিক গতকাল রোববার মুঠোফোনে বলেন, ‘আমি একজন কেরানি। আমার দিয়ে এত বড় কাজ করা কি সম্ভব? সরাসরি সাক্ষাতে সব জানাব।’
জীবননগরে অতিরিক্ত দায়িত্বে থাকা দামুড়হুদার পিআইও আশরাফুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য বৃহস্পতিবার কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। ওই দিন থেকে গতকাল বিকেল পর্যন্ত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, সাধারণত ওয়াজ মাহফিল হলে জেলা পুলিশের বিশেষ শাখা ও সংশ্লিষ্ট থানা সে বিষয়ে অবগত থাকে। কিন্তু পুলিশের কাছে ২৯ ও ৩০ জুন ওই এলাকায় কোনো ওয়াজ মাহফিল হওয়ার তথ্য নেই।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) গোলাম সারওয়ার বলেন, সরেজমিন তদন্ত করে একটি ওয়াজ মাহফিলেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে তিনি ২৮ আগস্ট জেলা প্রশাসকের কাছে চিঠি দেন। এতে তিনি একটি তদন্ত দল গঠন করার ব্যাপারে মত দেন।
জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।