জিইসি মোড়ে তিন দোকানে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে গতকাল সোমবার দুপুরে ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটি দোকানে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনটি দোকানের সামনের কাচ ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় দোকানের মালিকেরা থানায় অভিযোগ জানাননি।
ভাঙচুর করা তিনটি দোকান হলো ফুড ফেয়ার, আনোয়ার স্টোর ও তপন স্টোর।
আনোয়ার স্টোরের মালিক মহিউদ্দিন জাফরী বলেন, ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ২৫ থেকে ৩০ জন যুবক অতর্কিতভাবে দোকানে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করেন। তাঁরা পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে যান।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জিইসি মোড়ে দোকানে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা থানায় কোনো অভিযোগ দেননি। এরপরও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পরপরই দোকানমালিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা হামলাকারীদের চেনেন না। পুলিশকে বলা হয়েছে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। জিইসি মোড়ে ফুটপাতে বসা হকারদের কাছ থেকে চাঁদা নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।