জিকে শামীমের মা কারাগারে, অভিযোগ গঠন ৩০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীমের মা আয়েশা আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস আজ মঙ্গলবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিদর্শক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলার অভিযোগপত্রে নাম থাকা পলাতক আসামি আয়েশা আক্তার আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করে বক্তব্য তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত ২৯৭ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ মার্চ দিন ঠিক করেছেন আদালত। মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ স্থানান্তর করা হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ২১ অক্টোবর মামলা করে দুদক। ওই মামলায় ২০২০ সালের ২০ ডিসেম্বর দুদক কমিশন এই দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, এজাহারে দুদক বলেছে, জি কে শামীমকে গ্রেপ্তারের সময় তাঁর অফিসে অভিযান চালিয়ে তাঁর মায়ের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআরের (স্থায়ী আমানত) কাগজপত্র জব্দ করা হয়। ওই টাকার তথ্য জি কে শামীম বা তাঁর মায়ের আয়কর নথিতে দেখানো হয়নি। দুদক বলেছে, আয়েশা আক্তার তাঁর ছেলে জি কে শামীমের অবৈধভাবে অর্জিত অর্থ নিজ নামে রেখে শামীমকে অপরাধে সহায়তা করেছেন।

এ ছাড়া শামীমের কার্যালয়ে অভিযান চলার সময় ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা এবং ৭ লাখ ৪৭ হাজার টাকার সমপরিমাণ মার্কিন ডলারও জব্দ করে র‍্যাব। ওই টাকারও কোনো উৎস পায়নি দুদক। সব মিলিয়ে জি কে শামীমের ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ‘শুদ্ধি অভিযান’ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছরের ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার হন জি কে শামীম। তাঁর বিরুদ্ধেই অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে পৃথক মামলা করে র‍্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও অর্থ পাচার মামলায় জি কে শামীমের বিচার শুরু হয়েছে।

অর্থ পাচার মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে জি কে শামীমের। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমির মালিক তিনি। এসবের দাম ৪১ কোটি টাকা। জি কে শামীম তাঁর অস্ত্রধারী সাত দেহরক্ষীকে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজি করে এসব অর্থ-সম্পদ অর্জন করেছেন।