জিডি করতে লাগল ৬০০ টাকা ওসি বললেন গুরুতর অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি জিডি করতে পুলিশ ৬০০ টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল মিলে ওই টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের রমিজ সিকদারের ছেলে মো. দরবেশ।
ভুক্তভোগী মো. দরবেশের ভাষ্যমতে, জমির দলিল হারিয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে জিডি করতে তিনি মির্জাপুর থানায় যান। সেখানে থানার কনস্টেবল মো. শামীমকে দিয়ে সাধারণ ডায়েরির (জিডি) আবেদন লেখান। আবেদন লেখার পর এ বাবদ শামীম তাঁর কাছে ২০০ টাকা দাবি করেন। দরবেশ ১০০ টাকা দিলে শামীম বলেন, ১০০ টাকা এখন ফকির ভিক্ষাও নেয় না। পরে তিনি (দরবেশ) ২০০ টাকা দেন।
দরবেশ জানান, এরপর তিনি আবেদনটি ডায়েরিভুক্ত করার জন্য কর্তব্যরত এএসআই মুকুল সরকারের কাছে যান। আবেদন হাতে নিয়ে মুকুল তাঁকে বলেন, ‘দ্যান দ্যান, টাকা বের করেন।’ এ সময় দরবেশ পকেট থেকে ৩০০ টাকা বের করে দিলে তিনি (মুকুল) বলেন, ‘এইট্যা কি দ্যান। এ সময় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে মুকুল তাঁর কাছে এক হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে দরবেশ তাঁকে ৪০০ টাকা দিয়ে আবেদনটি ডায়েরিভুক্ত করান।
কনস্টেবল শামীম জিডির আবেদন লিখতে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। জানতে চাইলে এএসআই মুকুল সরকার গতকাল বলেন, ‘জিডি-সংক্রান্ত বিষয়, এটা তদন্ত হবে। এ জন্য কিছু লাগে। কত টাকা লাগে? জানতে চাললে তিনি নীরব থাকেন। পুনরায় জানতে চাইলে বলেন, ৫০, ১০০, ২০০ টাকা খুশি হয়ে দিয়ে যায়।’ মির্জাপুর থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বলেন, বিষয়টি গুরুতর অপরাধ। তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।