জিডি করার সময়েও হুমকি পেলেন আনু মুহাম্মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ হত্যার হুমকি পাওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েও হত্যার হুমকি পেয়েছেন।

গতকাল বুধবার রাত একটার দিকে বেসরকারি মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে একটি খুদেবার্তায় আনু মুহাম্মদকে প্রথম হুমকি দেওয়া হয়। খুদেবার্তায় লেখা ছিল ‘Death keeps no calendar, and Ansatullah knows no time!’। এ বিষয়ে আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা থানায় সাধারণ ডায়েরি করতে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। রাতে সেখানেই ডিজি করার সময়ে আবার হত্যার হুমকি দিয়ে খুদেবার্তায় পাঠানো হয় তার মোবাইলে।

এ ব্যাপারে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক প্রথম আলোকে বলেন, হত্যার হুমকির বিষয়ে আনু মুহাম্মদ থানায় সাধারণ ডায়েরি করতে এসে আবার মোবাইলে হত্যার হুমকি পেয়েছেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আনু মুহাম্মদকে হুমকি দিয়ে খুদেবার্তায় আসা মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।