জিডি করেও তিনি বাঁচতে পারলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীর দয়রামপুর গ্রামে মুন্সি রবিউল ইসলাম (৪৫) নামের এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত একটার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম স্থানীয় ১৭ নম্বর হোগলা মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১০-১২ দিন আগে তাঁকে হত্যার জন্য মোবাইল ফোনে হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, যে মোবাইল ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটি বন্ধ পাওয়া যায়। তদন্ত কর্মকর্তা মোবাইল ফোনটি শনাক্ত করতে পারেননি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিউল ইসলাম গতকাল রাত একটার দিকে তাঁর পরিচালনাধীন এমএমআর ব্রিকস নামের ইটভাটা থেকে মোটরসাইকেলে করে দয়রামপুরের বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে রবিউলের বাড়ির লোকজন ও স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি জানান, রবিউলের মাথায় ও ডান পাঁজরে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসির ভাষ্য, ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনায় জড়িত সন্দেহে ওহিদুল ইসলাম নামের ইটভাটার এক কর্মচারীকে গতকাল রাতেই আটক করা হয়েছে।

এই ইটভাটার মালিক স্থানীয় জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি রশিদুল ইসলামকে ২০১৩ সালের ৮ ডিসেম্বর বাড়ির কাছে মহেন্দ্রপুর বাজারে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর মৃত্যুর পর চাচাতো ভাই রবিউল ইসলাম ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন।

নিহত রবিউলের মামা কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খানের ভাষ্য, রবিউল কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। স্কুল নিয়েই ব্যস্ত থাকতেন। এ বছরই তিনি ইটভাটাটি চালু করেন। এরপর থেকেই তাঁকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। এ ব্যাপারে তিনি থানায় জিডিও করেছিলেন।