জিন তাড়ানোর নামে নিজ শিশুকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন তাঁরা। সেজেছিলেন ‘জিন-ভূতে ধরা’ রোগী হিসেবে। একই সঙ্গে নিজেদের
প্রচার করা শুরু করেন কবিরাজ হিসেবে। তাঁদের এই ভণ্ডামির খেসারত দিতে হলো নিজেদের নিষ্পাপ শিশুসন্তানকে। প্রতারক মা-বাবার নির্মম পিটুনিতে শিশুটির প্রাণটাই গেল।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের তারাপুর কামারবাড়ি ওরফে সিরাজ মেম্বারের বাড়িতে গত মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো শিশুটির নাম সুমাইয়া আক্তার। বয়স মাত্র সাড়ে তিন বছর। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ওই বাড়ির কাঠমিস্ত্রি এমরান হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৫) নিজেকে জিনে আছর করেছে এবং তা তাড়াতে কবিরাজি শুরু করেন বলে স্বজন ও প্রতিবেশীদের কাছে প্রচার করেন। একই প্রচারে যোগ দেন এমরানও। দ্রুতই এ প্রচার গ্রাম ছাপিয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। বাড়িতে ভিড় জমাতে শুরু করেন বহু নারী-পুরুষ।
এরই মধ্যে গত তিন-চার দিনে জিনে ধরেছে—এমন দাবি করে আমেনা বেগম দম্পতি প্রতিবেশীদের চারটি বাচ্চা ধরে এনে বেদম মারধর করেন। গত শনিবার রাতে এমনই এক ঘটনায় মৃত শামছুল হকের ছেলে ইসমাইলকে মারা হলে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। কয়েকজন আমেনা বেগমকে এ ব্যাপারে জেরা করতে গেলে তিনি তাঁদের লাঠি নিয়ে মারতে উদ্যত হন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, ৩ আগস্ট সকালে নিজ সন্তান সুমাইয়াকে জিনে ধরেছে মর্মে তাকে মাটিতে চেপে ধরে লাঠি দিয়ে মারা শুরু করেন আমেনা ও তাঁর স্বামী। প্রতিবেশীরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দম্পতি ধাওয়া দেন। একপর্যায়ে কয়েকজন সুমাইয়াকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠান।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে ভণ্ড কবিরাজ দম্পতি উপস্থিত লোকজনের সামনে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে স্বীকার করেন। ওই সময় এমরান জানান, তাঁরা গরিব। বিভিন্ন বেসরকারি সংগঠন (এনজিও) থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে উপায়ান্তর না পেয়ে স্ত্রীর পরামর্শে ওই প্রতারণার আশ্রয় নেন। এ রকম প্রতারণা করবে না—মর্মে পুলিশের কাছে ক্ষমা চাইলে পুলিশ স্থানীয় লোকজনকে বুঝিয়ে তাঁদের আটক না করে ফিরে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাটি এ পর্যন্তই থেমে থাকেনি। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় (মঙ্গলবার ভোরে) এ দম্পতি আবারও জিন তাড়ানোর নামে শিশু সুমাইয়াকে পেটানো শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই সুমাইয়া মারা যায়। ভোরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে এবং দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শিশুটির লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ভণ্ড কবিরাজ দম্পতিকে আদালতে সোপর্দ করার পর গতকাল দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
এদিকে সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আবু হানিফ বলেন, ‘এখানে পুলিশের কোনো গাফিলতি ছিল না। এ ঘটনা কেন ঘটেছে, তা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।’