জিনের কথা বলে টাকা আত্মসাৎ, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় জিনের মাধ্যমে টাকা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের আতর আলী সরদার (৪৯) ও সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের মজিবর রহমান। এই দুজনসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে শুক্রবার রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন সদর উপজেলার চন্দনী ইউপির সদস্য মকছেদ আলী শেখ (৪৮)। তাঁর বাড়ি বাবুপুর গ্রামে।
থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বছর খানেক আগে আতর আলীর সঙ্গে মকছেদ আলীর পরিচয় হয়। ঘনিষ্ঠতার একপর্যায়ে আতর আলী জিনের মাধ্যমে টাকা অনেক গুণ বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখান। বিভিন্ন সময়ে কিস্তির মাধ্যমে তাঁকে টাকা দেন মকছেদ আলী। শুক্রবার শেষ কিস্তির আরও সাড়ে ৩ লাখ টাকা দেওয়ার কথা ছিল। টাকার জন্য মকছেদ আলী তাঁর জামাতা আনোয়ার হোসেনের দ্বারস্থ হন। আনোয়ার বিষয়টি থানা-পুলিশকে জানান। তাঁরা টাকা নেওয়ার জন্য আতর আলীকে দুর্গাপুর বাসস্ট্যান্ডে আসতে বলেন। সেখান থেকে বিকেল পাঁচটায় তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতে মামলা হয়। তাঁর কাছ থেকে তথ্য নিয়ে মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়।
মকছেদ আলী শেখ বলেন, জমানো টাকা ও মাঠের জমি বিক্রি করে ৩৫ লাখ টাকা দিয়েছেন। জিনের মাধ্যমে কোটি টাকা দেওয়ার কথা বলেছিলেন আতর আলী।
আতর আলী বলেন, ‘অত টাকা তিনি (মকছেদ আলী) আমাকে দেন নাই। আমি তাঁর কাছ থেকে পাঁচ-সাত লাখ টাকা নিয়ে জিনের মাধ্যমে তদবির করার জন্য আরেকজনকে দিয়েছি।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।