জিন্দাবাজারে তরুণকে কুপিয়ে হত্যা
সিলেট নগরের ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে এক তরুণকে। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে জিন্দাবাজার এলাকার কাস্টম কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মিসবাহ উদ্দিন (১৮)। তাঁর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের চণ্ডীপুর। তবে কী কারণে কারা হত্যা করেছে, পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ঘটনাস্থলে পুলিশসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল অবস্থান নিয়েছে।
পুলিশ সূত্র জানায়, ব্যস্ত এলাকায় হঠাৎ আক্রমণের শিকার হন মিসবাহ। তাঁর বাঁ দিকের কান বরাবর ধারালো অস্ত্র দিয়ে একটি কোপ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় জিন্দাবাজার এলাকায় রাতের পালায় কর্তব্যরত পুলিশের দল ও প্রত্যক্ষদর্শীরা মিসবাহকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, দোয়ারাবাজারের চণ্ডীপুর গ্রামের রহমত আলীর ছেলে মিসবাহ। তিনি কী কারণে জিন্দাবাজারে হত্যার শিকার হলেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।
এর আগে ১২ নভেম্বর বিকেলে নগরের সুবিদবাজার এলাকায় রাজিকুল ইসলাম (২২) নামের এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা হয়।