জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলস্টেশন এলাকা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওই ছাত্রের নাম ইকবাল হোসেন (১৭)। সে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। সে এবার নান্দিনা এমএইচকে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
জামালপুর রেলওয়ে থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবালের মা-বাবা অনেক দিন আগেই মারা যান। সে নান্দিনা বাজারের মুন্না নামের এক ব্যক্তির বাড়িতে থেকে পড়াশোনা করত। গত শুক্রবার রাত একটা দিকে প্রচণ্ড গরমের মধ্যে বিদু্যৎ চলে গেলে ইকবাল নান্দিনা রেলস্টেশনের পূর্ব পাশে লাইনের ওপর ঘুমিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। গতকাল সকালে স্থানীয় লোকজন লাশ দেখে জিআরপি থানায় খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।