জিম্মায় রাখা গাছ ফেরত দেননি ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস তাঁর জিম্মায় রাখা সরকারি মেহগনিগাছ ফেরত দেননি।
ওই গাছ ফেরত দিতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা। কিন্তু গত ১৭ দিনেও ওই গাছ ফেরত দেওয়া হয়নি। সর্বশেষ কাল রোববারের মধ্যে গাছ ফেরত দিতে চেয়ারম্যানকে বলা হয়েছে।
উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঝড়ে উপজেলার সুন্দলী গ্রামের নওয়াপাড়া-মনিরামপুর সড়কের পাশের তিনটি মেহগনিগাছ উপড়ে পাশের ঘেরের মধ্যে পড়ে। ওই বছরের ১২ সেপ্টেম্বর গাছ তিনটি কেটে ভূমি কার্যালয়ে আনার সময় ইউপি চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস বাধা দেন। এরপর লিখিত নিয়ে গাছ তিনটি তাঁর জিম্মায় রাখা হয়।
সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্বরে তিনটি গাছ ও ডাল রাখা ছিল। পরে তিনি গাছ তিনটি বিক্রি করে দেন। সম্প্রতি খোঁজ নিয়ে ভূমি কার্যালয়ের কর্মকর্তারা গাছ ও ডালের কোনো সন্ধান পাননি। এরপর নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা কামিনুল ইসলাম ২৯ এপ্রিল চেয়ারম্যানকে চিঠি দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘উপজেলার ধোপাদী থেকে সুন্দলী যাওয়ার রাস্তাসংলগ্ন সুমনের মাছের খামারের পাশে তিনটি মেহগনিগাছ ঝড়ে উপড়ে পড়ে যায়। গাছগুলো উদ্ধার করার পর ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর আপনি আপনার জিম্মায় রেখে দেন। ওই গাছগুলো নিলামে বিক্রি করার প্রক্রিয়া চলছে। গাছগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য বলা গেল।’ তবে কত দিনের মধ্যে গাছগুলো পৌঁছে দিতে হবে তার কোনো উল্লেখ ওই চিঠিতে ছিল না। পরে সাত দিন সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু গতকাল শুক্রবার (১৫/০৫/১৫) পর্যন্ত তিনি ওই গাছ ফেরত দেননি।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামিনুল ইসলাম বলেন, ‘গাছগুলো নিলামে বিক্রয়ের প্রক্রিয়া চলছে। এ জন্য চেয়ারম্যানকে তাঁর জিম্মায় থাকা গাছগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য এক সপ্তাহের সময় দিয়ে ২৯ এপ্রিল চিঠি দেওয়া হয়। কিন্তু তিনি এখনো পর্যন্ত গাছগুলো পৌঁছে দেননি। সর্বশেষ গত মৌখিকভাবে আগামীকাল রোববারের মধ্যে তাঁকে গাছগুলো পৌঁছে দিতে বলা হয়েছে। তিনি ওই গাছ ফেরতও দিতে চেয়েছেন। আগামীকালের মধ্যে জিম্মায় রাখা প্রকৃত গাছ পৌঁছে দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ বলেন, চেয়ারম্যানের জিম্মায় রাখা গাছের ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।