জিম্মায় রাখা গাছ বিক্রি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের বহুল আলোচিত চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস তাঁর জিম্মায় রাখা তিনটি সরকারি মেহগনিগাছ বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন বিষয়টির তদন্ত শুরু করেছে। 
উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঝড়ে উপজেলার সুন্দলী গ্রামের নওয়াপাড়া-মনিরামপুর সড়কের পাশের তিনটি মেহগনিগাছ উপড়ে পাশের মির্জা সুমনের মাছের ঘেরের মধ্যে পড়ে। ওই বছরের ১২ সেপ্টেম্বর গাছ তিনটি কেটে ভূমি কার্যালয়ে আনার সময় চেয়ারম্যান পরিতোষ কুমার বাধা দেন। এরপর লিখিত নিয়ে গাছ তিনটি তাঁর জিম্মায় রাখা হয়। সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্বরে তিনটি গাছ ও ডাল রাখা ছিল। পরবর্তী সময়ে তিনি গাছ তিনটি বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি খোঁজ নিয়ে ভূমি কার্যালয়ের কর্মকর্তারা গাছ ও ডালের কোনো সন্ধান পাননি।
মাছের ঘেরের মালিক মির্জা সুমন বলেন, ‘ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের পরামর্শে আমি শ্রমিকদের দিয়ে গাছ কেটে ঘেরের পানি থেকে তুলে ওপরে রাখি। গাছ কাটতে আমার প্রায় এক হাজার টাকা খরচ হয়েছিল। পরে চেয়ারম্যান ওই গাছ ইউনিয়ন পরিষদে নিয়ে যান।’
নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা কামিনুল ইসলাম বলেন, ‘ঝড়ে ঘেরের মধ্যে উপড়ে পড়া তিনটি মেহগনিগাছ কেটে ভূমি কার্যালয়ে আনার সময় চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস তাতে বাধা দেন। পরে ইউএনও স্যারের পরামর্শে লিখিত নিয়ে গাছ তিনটি ও ডাল তাঁর (পরিতোষ) জিম্মায় রেখে আসি। গাছগুলো ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হয়। এলাকার লোকজনের কাছে জানতে পেরেছি, সেখানে গাছগুলো নেই। এ ব্যাপারে চেয়ারম্যানের কাছে লিখিত জবাব চাওয়া হবে।’
পরিতোষ কুমার বিশ্বাস বলেন, ‘ইউনিয়ন পরিষদ চত্বরে গাছগুলো রাখা ছিল। এ ব্যাপারে আমি কাউকে কোনো লিখিত দিইনি। সম্প্রতি আমি ইউএনওর অনুমতি নিয়ে ইউনিয়নের ১ ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্যদের ওয়ার্ডের মৃত মানুষ বহনের খাটিয়া তৈরি করতে গাছ তিনটি দিয়েছি। খাটিয়া তৈরিতে ওই কাঠে সংকুলান না হওয়ায় আমি আলাদাভাবে কাঠ সংগ্রহ করে দিয়েছি।’
জানতে চাইলে ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল কান্তি মণ্ডল বলেন, ‘খাটিয়া তৈরি করতে চেয়ারম্যান আমাকে কোনো গাছ দেননি।’ ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পতিত পবন বিশ্বাস বলেন, ‘এটা মিথ্যা কথা। চেয়ারম্যান খাটিয়া বানানোর জন্য আমাকে কোনো গাছ দেননি। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
ইউএনও সিফাত মেহনাজ বলেন, ‘সরকারি গাছ দান করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে চেয়ারম্যানকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’