জিম্মি করে চাঁদা আদায়কালে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গায় এক স্কুলছাত্রী ও আরেক কলেজছাত্রকে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের চেষ্টার সময় পুলিশ জেলার হোসেন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা তিনটায় রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা গ্রামের আইনুল হকের কলেজপড়ুয়া ছেলে মিলন হোসেন (২২) তাঁর এক আত্মীয় মাধবপুর গ্রামের শহিদুল ইসলামের স্কুলপড়ুয়া মেয়ের (১৫) সঙ্গে কথা বলতে বলতে নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজের কাছে পৌঁছান। এ সময় স্থানীয় জেলার হোসেন (২৮), আব্দুল কুদ্দুসসহ (৩২) আরও চারজন তাঁদের দুজনকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা চান। ওই দুজন পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। তাঁদের পরিবার নিরুপায় হয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার ও জেলার হোসেনকে আটক করে।
নলডাঙ্গা থানার ওসি নজিবুল ইসলাম বলেন, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মিলন হোসেন মামলা করেছে। গতকাল শুক্রবার জেলার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।