জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সুজন মিয়া (১৯) ও আশরাফুল ইসলাম (২০)। সুজন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সাবেক কর্মী মৃত হারুন অর রশীদ এবং আশরাফুল বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্মচারী শামসুদ্দীন হকের ছেলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক ইশতিয়াক তাঁর বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরি খামার এলাকায় ঘুরতে যান। ওই সময় পাঁচজন দুর্বৃত্ত তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন কেড়ে নেয় এবং তাঁদের জিম্মি করে বিকাশের মাধ্যমে আশফাকের পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে। পরে আশফাকের লিখিত অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার থেকেই জিম্মির ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজতে থাকেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা ময়মনসিংহের দিঘারকান্দা এলাকা থেকে সুজন ও আশরাফুলকে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার বলেন, সুজন ও আশরাফুলের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মুঠোফোন এবং সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা এই ঘটনায় ফয়সাল, হিমেল ও অনি নামের আরও তিনজন সম্পৃক্ত বলে জানিয়েছে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা একটি মামলায় পুলিশ সুজন ও আশরাফুলকে গ্রেপ্তার দেখিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন বলেন, অভিযুক্ত বাকি তিন ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে হওয়া মামলায় সুজন ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।