জিয়ানগরে জমি নিয়ে বিরোধ, হামলায় একজন নিহত
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন আকন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবুল হোসেন আকন উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত ফয়জর আলী আকনের ছেলে।
এ ঘটনায় আবুল হোসেনের বড় ভাই আবদুস সাত্তার আকন (৫৫) ও ফুফাতো ভাই মন্টু শেখ (৪৫) আহত হয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডীপুর গ্রামের আবুল হোসেন আকনের সঙ্গে প্রতিবেশী আবদুর রব মোল্লার জমি নিয়ে বিরোধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমির বাগান থেকে আবুল হোসেন আকন, সাত্তার আকন ও মন্টু শেখ সুপারি সংগ্রহ করছিলেন। এ সময় একই গ্রামের আবদুর রব মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন হামলা চালিয়ে আবুল হোসেন, আবদুস সাত্তার ও মন্টুকে পিটিয়ে আহত করেন। তাঁদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত আটটার দিকে আবুল হোসেন মারা যান। গতকাল শুক্রবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ইন্দুরকানি থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, এ ঘটনায় নিহতের আত্মীয় আবদুল জব্বার মৃধা ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।