জিয়ানগরে প্রতারণার শিকার তরুণীর আত্মহত্যা
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গত সোমবার রাতে সালমা আক্তার (২২) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।
প্রেমিকের প্রতারণার শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চরণী পত্তাশী গ্রামের নূরুল ইসলামের মেয়ে সালমা আক্তারের (২২) সঙ্গে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের কাপড় ব্যবসায়ী ইব্রাহিম মালের (২৮) পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইব্রাহিম শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এরপর সালমা ইব্রাহিমকে বিয়ের জন্য চাপ দিলে তিনি গড়িমসি করতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকবার সালিস বৈঠকও হয়।
কিন্তু সম্প্রতি ইব্রাহিম অন্য এক মেয়েকে বিয়ে করার পর বিষয়টি নিয়ে সালমার পরিবার আবারও সালিস বৈঠকে বসার জন্য স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে ইব্রাহিমকে চাপ দেন। এরপর ইব্রাহিম পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সালমা ও তাঁর বাবার বিরুদ্ধে মারামারি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জিয়ানগর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেন।
সূত্র জানায়, প্রতারণার শিকার হওয়ার পর মামলার খবর পেয়ে সালমা মানসিকভাবে ভেঙে পড়েন। গত সোমবার রাতে বিষয়টি নিয়ে আবার সালিস বসার কথা ছিল। বৈঠকে ইব্রাহিম ও তাঁর পক্ষের লোকজন উপস্থিত হননি। রাত ১১টার দিকে ঘরে রাখা কীটনাশক পান করে সালমা অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
সালমার বাবা নূরুল ইসলাম অভিযোগ করেন, ‘আমরা কয়েকবার ইব্রাহিমের বাবা আলতাফ হোসেনের কাছে সালমার বিয়ের প্রস্তাব নিয়ে গেলেও তিনি বিয়েতে রাজি হননি। উল্টো সালমাকে কটূক্তি করেছেন।’
ইব্রাহিম মাল ঘটনার পর আত্মগোপনে রয়েছেন। তাঁর মুঠোফোনও বন্ধ। গতকাল থানায় সাংবাদিকদের কাছে আলতাফ হোসেন মাল তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, মেয়েটি প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ইব্রাহিমের বাবা আলতাফ হোসেন মাল ও চাচা ইউসুফ মালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে। মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।