জিয়ার কবরের পাথরের নকশা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকেন্দ্রিক নকশা করা মার্বেল পাথরের টাইলস তুলে ভাঙচুর করা হয়েছে। পুলিশের ধারণা, গতকাল ভোররাতের কোনো একসময় এ ঘটনা ঘটানো হয়েছে।
কবর প্রাঙ্গণের পরিচ্ছন্নতাকর্মী মিজানুর রহমান সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো তিনি ভোরে ঝাড়ু দিতে এসে দেখতে পান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকেন্দ্রিক মার্বেল পাথরের নকশা করা ১০টি টাইলস তুলে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি ভাঙচুর করা রয়েছে। এই দৃশ্য দেখে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খবর দেন। তিনি প্রতিদিন এই এলাকায় সকাল ছয়টা থেকে থেকে রাত নয়টা দায়িত্ব পালন করেন।
তেজগাঁও অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আফরুজুল হক প্রথম আলোকে বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের কাছে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে দায়িত্বে থাকা ছয়জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনাটি অতি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে শেষে এর সঙ্গে কারা জড়িত ছিল তা নিশ্চিত হওয়া যাবে। ওই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে কর্মীদের দায়িত্ব পালাবদলের সময় গতকাল ভোরের দিকে এ ঘটনা ঘটানো হয়েছে।
বেলা একটার দিকে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের একজন কর্মকর্তা সেখানে যান। গতকাল বৃহস্পতিবার বিকেলে জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
পরিদর্শন শেষে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, সংরক্ষিত এলাকায় পুলিশ পাহারা থাকা সত্ত্বেও কীভাবে সমাধিস্থল ভাঙচুর করা হয়, এ নিয়ে প্রশ্ন তাঁর। রাতের অন্ধকারে যারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ভাঙচুর করেছে, তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। তিনি জিয়ার সমাধিস্থল ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি করেন।
বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ আকেরটি প্রতিনিধিদল জিয়ার সমাধিস্থলে যায়।