বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে নাটোরে বদলি করা হয়েছে। গাড়ি ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রধান শিক্ষককে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদপ্তর গত বুধবার এই বদলির আদেশ জারি করে।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র প্রথম আলোকে বলেন, মাউশির বদলির নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার (গতকাল) জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী দায়িত্ব হস্তান্তর করেছেন। মাউশি তাঁকে নাটোর সরকারি জিন্নাহ স্কুলের প্রধান শিক্ষক হিসেবে বদলি করেছেন। তবে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে এখনো কাউকে দেওয়া হয়নি।
২১ মার্চ সকাল ১০টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নাতি পঞ্চম শ্রেণির ছাত্র মানাফ মাহমুদুরকে স্কুল থেকে আনতে গাড়ি নিয়ে যান চালক নজরুল ইসলাম। ‘নিষেধাজ্ঞা’ থাকা সত্ত্বেও ভেতরে গাড়ি নিয়ে ঢোকার ঘটনায় নজরুলের সঙ্গে প্রধান শিক্ষক রমজান আলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ডাকলে বিদ্যালয়ের মাঠ থেকে ক্রিকেট ব্যাট হাতে শিক্ষার্থীরা ছুটে এসে মমতাজ উদ্দিনের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ওই দিনই গাড়িচালক নজরুল ইসলাম বাদী হয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। সদর থানার পুলিশ ২২ মার্চ রাতে রমজান আলীকে বগুড়ার সেউজগাড়ি ঈদগাহ লেনের সেন্ট্রাল রেসিডেন্সিয়াল এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। ২৩ মার্চ বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (দ্রুত বিচার) শরিফুল ইসলামের আদালতে তাঁকে হাজির করলে বিচারক শুনানি শেষে রমজান আলীকে জামিন দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়া নাজিম গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তে গাড়ি ভাঙচুরের ঘটনায় জিলা স্কুলের প্রধান শিক্ষকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এ কারণে তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ তাঁকে বদলির জন্য মাউশির কাছে সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে মাউশি প্রধান শিক্ষককে বগুড়া জিলা স্কুল থেকে নাটোরে বদলির নির্দেশ দিয়েছে।