জিসানকে নির্যাতন করা হয়নি, দাবি পুলিশের
মারামারির সময় আটক ঢাকা সিটি কলেজের ছাত্র ইনজামামুল হক ওরফে জিসানকে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়নি বলে দাবি করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তিনি বলেন, একটি দৈনিক পত্রিকা বিশেষ উদ্দেশে৵ এমন ‘অপপ্রচার’ চালিয়েছে।
গত ৯ জুন রাজধানীর জিগাতলা এলাকায় সিটি কলেজের দুই দল ছাত্রের মধ্যে মারামারির সময় আয়াজ হক নামে এসএসসি উত্তীর্ণ এক কিশোর ছুরির আঘাতে প্রাণ হারায়। ঘটনাস্থল থেকে একটি ছুরিসহ জিসানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরিবারের অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে জিসানের ওপর দুই দফায় অমানবিক নির্যাতন চালিয়েছে পুলিশ। সে নির্যাতন সইতে না পেরেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।
গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, পত্রিকার প্রতিবেদনে জিসানের মুখে গরম পানি ঢালার কথা উল্লেখ থাকলেও তার মুখে তেমন কোনো চিহ্ন নেই। এমনকি শরীরের কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই। পায়ের আঙুল থেকে নখ তুলে ফেলা হয়েছে বলা হলেও তার কোনো প্রমাণ নেই। দুই পায়ের ১০টি নখই অক্ষত রয়েছে।
জিসানের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে—মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের এ বক্তব্যের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ‘তদন্তাধীন মামলার বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে মানসিক চাপে ফেলতে পারে।’ সংবাদ সম্মেলনে নিহত কিশোর আয়াজের বাবা আইনজীবী শহীদুল হক অভিযোগ করেন, একটি পত্রিকা জিসানের ওপর নির্যাতন হয়েছে বলে মিথ্যাচার করছে। জিসানকে চিকিৎসার নামে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এর অংশ হিসেবেই পত্রিকায় মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়।
পুলিশ জানায়, আয়াজকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে জিসান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরিটির বিক্রেতা ফরিদ উদ্দিনকে বায়তুল মোকাররম এলাকা থেকে আটক করে পুলিশ। ফরিদ বলেছে, ঘটনার দিন সকালেই জিসান ছুরিটি কেনে।