জিয়া ইসলামকে ধাক্কা দেওয়া গাড়ি জব্দ

প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি ধাক্কা দিয়ে আহত করার মামলার আলামত হিসেবে কল্যাণ কোরাইয়ার গাড়ি জব্দ করেছে পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর কলাবাগান থানার মণিপুরিপাড়ায় কল্যাণের বাড়ি থেকে এটি জব্দ করা হয়।
এদিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি জিয়ার জ্ঞান ফেরেনি। তবে তাঁর অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গতকাল চিকিৎসকেরা জানিয়েছেন, জিয়ার সার্বিক অবস্থা অপরিবর্তিত আছে। হাসপাতালের বিশেষজ্ঞরা তাঁকে দেখে গেছেন।
কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত খান প্রথম আলোকে বলেন, বুধবার রাতে থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক খানসহ পুলিশের একটি দল তেজগাঁওয়ের মণিপুরিপাড়ায় কল্যাণের বাড়িতে অভিযান চালিয়ে কল্যাণ কোরাইয়ার গাড়ি জব্দ করে থানায় নিয়ে এসেছে।
গতকাল সকালে কলাবাগান থানার সামনে গিয়ে দেখা গেছে, কালচে নীল রঙের টয়োটা করোলা গাড়িটি থানার সামনে রাখা। গাড়ির সামনের বাঁ পাশে হেডলাইটের ওপরের বনেট ও ফেন্ডারের অংশে কোনো কিছুর সঙ্গে আঘাত লাগার গর্ত রয়েছে। গাড়ির সামনের বাঁ পাশের কাচ (উইন্ডশিল্ড) ভাঙা। তবে সামনের অংশ অক্ষত আছে। ছাদের একটা অংশও সামান্য পরিমাণে বাঁকা হয়ে রয়েছে।
গত ৯ জানুয়ারি রাতে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি মাথায় গুরুতর আঘাত পান।