জিয়া হলে ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বর্ষের শিক্ষার্থীকে হলে তোলাকে কেন্দ্র করে আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি কক্ষও ভাঙচুর করা হয়।

দুই পক্ষের একাধিক কর্মী প্রথম আলোকে বলেন, সকালে জিয়াউর রহমান হলের ফটকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের হলে তোলার জন্য বিভিন্ন পক্ষের কর্মীরা অবস্থান নেন। এ সময় হল শাখা ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লার পক্ষের কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার পর উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। তিনি সেখানে সালমানের পক্ষের নেতা ও হল শাখার সহসভাপতি জায়েদুল জলিলের গালে থাপ্পড় মারেন। এতে আরও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা পরস্পরের ওপর চড়াও হন। তাঁরা রামদা, রড, লাঠিসোঁটা নিয়ে পরস্পরকে ধাওয়া করেন। এতে হলের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর হয়েছে। পরে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহারের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।
জিয়াউর রহমান হলের সহসভাপতি জায়েদুল জলিলের অভিযোগ, তিনি দুই পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করছিলেন। কিন্তু মোতাহার হোসেন উল্টো তাঁকে মারধর করেন।
জানতে চাইলে আবিদ আল হাসান প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে হলের প্রাধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে কক্ষ ভাঙচুরে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হলের প্রাধ্যক্ষ জিয়া রহমান প্রথম আলোকে বলেন, হলের দুপক্ষের কোন্দলের কারণে ঘটনাটি ঘটেছে। আবাসিক শিক্ষকদের নিয়ে বৈঠক করে তদন্ত কমিটি করা হবে।