জিয়ানগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিরা জানান, রামচন্দ্রপুর গ্রামের সোহরাব হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জাহিদ সিকদারের বিরোধ রয়েছে। দুই সপ্তাহ আগে সোহরাব হাওলাদার জাহিদ সিকদারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ দুই পক্ষকে থানায় ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য বলে। সোহরাব সালিস বৈঠকের আয়োজন করলেও জাহিদ তাতে উপস্থিত হননি। এ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের নারীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সোহরাব হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারসহ (২৫) ১০ জন আহত হন।