জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে হামলা, কৃষক দলের সভাপতি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রস্তাবিত জেলা কমিটির পদবঞ্চিত নেতারা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় পদবঞ্চিত ব্যক্তিরা অনুষ্ঠানস্থলে চেয়ার ছোড়াছুড়ি করলে জেলা কৃষক দলের সভাপতি রুস্তম আলী চাষি আহত হন।
প্রত্যক্ষদর্শী বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। সকাল ১০টার দিকে অনুষ্ঠান শুরুর আগে ঝালকাঠি শহর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সঞ্জয় মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল ফকির সেখানে যান। তাঁরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খানের কাছে জানতে চান জেলা বিএনপির প্রস্তাবিত নতুন কমিটিতে তাঁদের নাম নেই কেন? এ সময় মেহেদি হাসান কোনো জবাব না দেওয়ায় সঞ্জয়, শফিকুল ও রুবেল উত্তেজিত হয়ে কথা বলেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল তালুকদারের সঙ্গেও কথা-কাটাকাটি হয়। দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শফিকুল ইসলাম ও রুবেল ফকির চেয়ার ছুড়ে মারেন। এতে রুস্তম আলী চাষি আহত হন। পরে পরিবেশ শান্ত হলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শফিকুল ইসলাম বলেন, ‘জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষর করে প্রস্তাবিত কমিটিতে যাঁদের নাম কেন্দ্রে পাঠিয়েছেন, তাঁরা অনেকেই পদ পাওয়ার যোগ্য না। আমরা আন্দোলন-সংগ্রামে মাঠে থেকেছি। অথচ আমাদের নাম জেলা কমিটিতে নাই।’
মেহেদি হাসান খান বলেন, ‘জেলা কমিটি নিয়ে কিছু লোকজন দলীয় কার্যালয়ের বাইরে বাগ্বিতণ্ডা করেছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, জেলা কমিটি এখনো ঘোষণা করা হয়নি। কমিটি ঘোষণার আগে তাঁরা কীভাবে বুঝলেন কমিটিতে নেই। নতুন কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরাই স্থান পাবেন।
ঝালকাঠি জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে বিভক্তি রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক। গত ১ ডিসেম্বর শাহজাহান ওমরের অনুসারীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনস্থলে একই সময় মাহাবুবুল হকের অনুসারী শহর যুবদলের আহ্বায়ক মিজান ফরাজি পাল্টা সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে রাজাপুর উপজেলার চর রাজাপুর গ্রামে শাহজাহান ওমরের বাড়িতে জেলা বিএনপির সম্মেলন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন মোস্তফা কামাল সভাপতি, মিয়া আহমেদ কিবরিয়া সহসভাপতি, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, শাহাদাৎ হোসেন যুগ্ম সম্পাদক ও মেহেদি হাসান খান সাংগঠনিক সম্পাদক।
সম্প্রতি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের স্বাক্ষরসহ ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি দলের মহাসচিবের কাছে জমা দেন। ওই কমিটিতে মাহাবুবুল হকের অনুসারী অনেকে পদ পাননি।