জিয়ার মৃত্যুবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল রোববার ওই সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীরা জানান, কালিয়াকৈর বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়্যেদুল আলম। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ, যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলিল প্রমুখ।
এদিকে কালিয়াকৈরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নামক সংগঠনের দুই কমিটির এক পক্ষের উপজেলা সভাপতি দাবিদার জাহিদুল ইসলাম ওই অনুষ্ঠানস্থলে তিনটি ব্যানার টাঙিয়ে দেন। অনুষ্ঠান শেষে অন্য পক্ষের নেতা-কর্মীরা ওই ব্যানার ছিঁড়ে ফেলেন। এতে জাহিদুল ও একই পক্ষের সম্পাদক সাজ্জাদ খানের সঙ্গে অন্য পক্ষের সভাপতি দাবিদার সোহেল চৌধুরীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির কার্যালয়ের চেয়ার ভাঙচুর করেন তাঁরা। পরে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা-কর্মীরা দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের গাজীপুর জেলা কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ জানান, যে কেউ কমিটির সভাপতি দাবি করলেই তো হবে না। তাঁকে মুক্তিযুদ্ধ প্রজন্মের ধারা অনুসরণ করতে হবে।
সোহেল চৌধুরী অভিযোগ করেন, ‘তাদের কোনো ব্যানার-পোস্টার আমাদের কোনো নেতা-কর্মী ছেঁড়েনি। তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে।’
সাজ্জাদ খান বলেন, ‘ব্যানার ছিঁড়ে ফেলায় আমাদের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।’
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়্যেদুল আলম বলেন, প্রজন্ম দল বলতে কিছু নেই। তারপরও কেউ কেউ ওই নামে কমিটি করেছে।