জীবন পাল্টাতে এসে জীবন গেল দুই ভাইয়ের
অভাবের সংসারের হাল ভালোভাবেই ধরেছিলেন দুই ভাই মাজেদুল ইসলাম (২১) ও আসাদুল ইসলাম (১৯)। বগুড়া থেকে এসে কাজ নিয়েছিলেন রাজধানীর মৌচাক-মগবাজার উড়ালসড়ক নির্মাণ প্রকল্পে। কাজের মধ্যে গতকাল শনিবার দুপুরে মগবাজার পেট্রলপাম্পের সামনে উড়ালসড়কের একটি স্তম্ভের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। এ সময়ই নিয়ন্ত্রণ হারানো একটি বাস উঠে পড়ে তাঁদের ওপরে। বাসের তলা থেকে দুই ভাইয়ের চিড়ে-চ্যাপ্টা হয়ে যাওয়া রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ততক্ষণে তাঁরা মৃত।
একই দুর্ঘটনায় মঞ্জুর হোসেন নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির চালক হারুনুর রশীদকে শ্রমিকেরা আটকে পুলিশে দিয়েছেন।
নিহত দুই সহোদরের সহকর্মী মো. শাহীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, গতকাল সকাল পৌনে ১০টার দিকে মগবাজার-সাতরাস্তা সড়কে পেট্রলপাম্পের সামনে রাস্তার মাঝে নির্মাণাধীন উড়ালসড়কের একটি স্তম্ভের নিচে বিশ্রাম নিচ্ছিলেন মাজেদুল ও আসাদুল। এ সময় মগবাজার থেকে মহাখালীর দিকে যাচ্ছিল প্রভাতী-বনশ্রী পরিবহনের বাসটি। ভাঙাচোরা রাস্তার মধ্যে পেট্রলপাম্পের সামনে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে নির্মাণক্ষেত্রে চলে যায়। দুই ভাই বাসের তলায় চাপা পড়েন।
নিহত শ্রমিকদের গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া এলাকায়। ঢাকায় তাঁরা তিব্বত কলোনির লালমাঠ এলাকায় থাকতেন।