জীবনও কেড়ে নিল মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের কারণে তিনবার কারাগারে যেতে হয়েছে। স্ত্রী-সন্তানও তাঁকে ছেড়ে গিয়েছিলেন অনেক আগেই। এবার জীবনটাও হারালেন তিনি। তাঁর বাড়ি দিনাজপুরের হাকিমপুর পৌর শহরের চন্ডিপুর মহল্লায়। নাম আবদুর রাজ্জাক (৫০)।

রাজ্জাকের স্বজন ও পুলিশের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে রাজ্জাক আত্মহত্যা করেছেন। ভোরে বড় ভাইয়ের বাড়ির বারান্দার আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

গত শুক্রবার চন্ডিপুর মহল্লায় গেলে রাজ্জাকের মেজো ভাই আমজাদ হোসেন জানান, কর্মজীবনের শুরুতে রাজ্জাক চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি বিজিবির লাইনম্যান হন। এ সময় বিভিন্ন ধরনের মাদক সেবন শুরু করেন রাজ্জাক। এরপর হেরোইনে আসক্ত হন। এ সময়  স্ত্রী ও সন্তানের ওপর নির্যাতন শুরু করেন। একমাত্র মেয়ে শ্বশুড়বাড়িতে থাকে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে ১০ বছর আগে তাঁর একমাত্র ছেলে অন্য জায়গায় থাকতে শুরু করে। কিছুদিন পর স্ত্রীও বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে যান। এর পর থেকেই নিঃসঙ্গ জীবনযাপন শুরু করেন তিনি।

আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, পরিবারের সবাই তাঁকে ছেড়ে চলে গেলে মাদকের টাকার জন্য তিনি তাঁদের মায়ের ওপর নির্যাতন শুরু করেন। এতে বাধ্য হয়ে তাঁকে তিনবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। রাজ্জাক তাঁর বড় ভাই আলতাফ হোসেনের বাড়ির বারান্দার থাকতেন। জীবিকার তাগিদে ছয় মাস আগে তিনি ঝালমুড়ি বিক্রি শুরু করেন।

হাকিমপুর পৌর মেয়র সাখওয়াত হোসেন জানান, মাদক সেবনের কারণে কী ভয়াবহ পরিণতি হতে পারে রাজ্জাকের মৃত্যুই তার বড় দৃষ্টান্ত।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, রাজ্জাক হেরোইনসেবী ছিলেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।