জীবননগরে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৯
চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর ডিগ্রি কলেজ থেকে সংঘর্ষের শুরু হয়।
সন্ধ্যার পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হন পুলিশের এএসআই সিরাজুল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫টি গুলি ছোড়ে।
আহত ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দারের পক্ষের নেতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, কর্মী বিশারত আলী, আসাদুল ইসলাম, ডাবলু মিয়া, বিল্লাল হোসেন, মেহেদী হাসান, কর্মী সুমন ও জসিম এবং চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগরের সমর্থক ছাত্রলীগের নেতা খায়রুল বাশার। খায়রুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সোলায়মান হক জোয়ার্দ্দারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা সাংসদ আলি আজগর ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তুলাধোনা করেন। পরে গতকাল দুপুরে জীবননগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা চলাকালে সাংসদ আলি আজগরের সমর্থক ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা কলেজে যান। তাঁরা অনুষ্ঠানের অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মিয়া ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনকে লাঞ্ছিত করেন। এরপর কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কেবি মার্কেটের ভেতর দিয়ে বের হওয়ার সময় হুইপ সোলায়মানের পক্ষের সমর্থকদের সামনে পড়ে। তাঁরা আওয়ামী লীগের দুই নেতাকে কলেজে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত নয়জন আহত হন।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।