জীবননগরে গণছিনতাই ও ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গণছিনতাই ও চার বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার মনোহরপুর-খয়েরহুদা আমতলা সড়কে ছিনতাই এবং একতারপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া আটটা থেকে দীর্ঘক্ষণ ধরে সংঘবদ্ধ ছিনতাইকারীর একটি দল মনোহরপুর-খয়েরহুদা সড়কের আমতলায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে খয়েরহুদা গ্রামের অন্তত ২০ জনের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। রাত ১২টার দিকে পাশের একতারপুর গ্রামের আয়ুব আলী, মো. জিন্টু হোসেন, সুজন আলী ও রাশেদা খাতুনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল ওই চার বাড়ি থেকে ১৭ হাজার ৭৫০ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে নামে। তবে কাউকে আটক করতে পারেনি। জীবননগর থানার ওসি এনামুল হক বলেন, অভিযোগকারীদের বক্তব্য খুবই অসংগতিপূর্ণ।