জীবননগরে গলা কেটে যুবককে হত্যার চেষ্টা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রামে আবদুল মোমিন (৩০) নামের এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোমিন শিংনগর গ্রামের মেহের আলীর ছেলে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সউদ কবীর মালিক জানান, মোমিনের গলার ক্ষতস্থানে ৩৯টি সেলাই দেওয়া হয়েছে। তবে ক্ষত গভীর না হওয়ায় তিনি শঙ্কামুক্ত।
মোমিনের চাচাতো ভাই ফরহাদ হোসেন বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে শিংনগর গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মোমিনের পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় মোমিন দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে এলাকাবাসী তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জীবননগর থানার একজন এসআই প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন মোমিনকে হত্যার চেষ্টা চালিয়েছে।