জীবননগরে বোমায় স্কুলছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদহ গ্রামে গত মঙ্গলবার দুপুরে বোমা বিস্ফোরণে বন্যা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। ঘটনার পর থেকে ওই স্কুলছাত্রী ও তার বাবা-মা আত্মগোপনে রয়েছেন।
বন্যা স্থানীয় রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও মারুফদহ গ্রামের আসলাম আলীর ছোট মেয়ে। আসলাম কুখ্যাত জামাল বাহিনীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পুলিশ সদস্যরা আসলামের ঘর থেকে বোমা তৈরির উপকরণ উদ্ধার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আসলামের কয়েকজন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দা বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে আসলাম ঘরের বারান্দায় বোমা তৈরি করছিলেন। এ সময় বোমাটি আকস্মিক বিস্ফোরিত হলে বন্যার একটি পা ক্ষতবিক্ষত হয়। পরে রক্তাক্ত অবস্থায় বন্যাকে নিয়ে আসলাম ও তাঁর স্ত্রী পানু খাতুন আত্মগোপনে চলে যান। আসলাম কুখ্যাত জামাল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক সন্ত্রাস ও চাঁদাবাজি করছেন। তাঁর ভয়ে এলাকাবাসী সব সময় ভীতসন্ত্রস্ত থাকে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে কথা হয় বন্যার বড় বোন একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আশামণি খাতুনের সঙ্গে। এ সময় আশামণি বলে, ঘটনার দিন সে স্কুলে নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছিল। বাড়ি গিয়ে ঘটনাটি শুনেছে।
থানার ওসি হুমায়ুন কবীর জানান, ওই ঘটনায় এসআই আকরাম থানায় মামলা করেছেন। মামলায় আসলাম ও তাঁর স্ত্রী পানুকে আসামি করা হয়েছে। এ ছাড়া আত্মগোপনে থাকা তিনজনকে খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে।