জীবননগরের নিখোঁজ ব্যবসায়ীর লাশ ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর শহরের নিখোঁজ ছিট-কাপড় ব্যবসায়ী রমজান আলীর (৫০) লাশ ঢাকার আগারগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শেরেবাংলা নগর থানার পুলিশ গতকাল রোববার দুপুরে লাশটি উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবননগর বাজারের হাজী ক্লথ স্টোরের মালিক রমজান আলী গত শুক্রবার রাতে বাসে করে ঢাকায় যান। শনিবার ভোরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি স্ত্রী রাজিয়া বেগমের সঙ্গে সর্বশেষ কথা বলেন। এর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা।
জীবননগর থানা-পুলিশ জানায়, রমজান আলী নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী শনিবার রাতে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকার শাহ আলী ও দারুস সালাম থানার ওসিকে জানানো হয়। শেরেবাংলা নগর থানার পুলিশ রোববার (গতকাল) দুপুরে আগারগাঁও থেকে রমজান আলীর লাশ উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যত দূর জেনেছি, রমজান আলীর কাছে এক লাখ টাকা ছিল। ভোরে বাস থেকে নামার পর কোনো ছিনতাইকারী চক্রের হাতে তিনি নির্মমভাবে নিহত হতে পারেন।’