জীবন্ত মানুষকে মাটিচাপা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ শনিবার জীবন্ত এক ব্যক্তিকে মাটিচাপা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে মাটি খুঁড়ে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। চিকিৎসা শেষে উদ্ধার হওয়া ব্যক্তিকে আটক করে পুলিশ। যে ব্যক্তি মাটি চাপা দেন, তাঁকেও আটক করা হয়েছে। 

উদ্ধার হওয়া ব্যক্তির নাম সফিকুল ইসলাম খাদেম (৩৫) ও মাটি চাপা দেওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন (২৩)। পুলিশ বলছে, সফিকুল আত্মহত্যা করতে গিয়েছিলেন। সফিকুলের নির্দেশেই বিল্লাল তাঁকে মাটিচাপা দিয়েছেন। এ জন্য দুজনকেই আটক করা হয়েছে।
আখাউড়া থানার পুলিশ জানায়, আজ উপজেলার খড়মপুর বাইপাস সড়কের পাশে রেলওয়ের পরিত্যক্ত এক জায়গায় যান সফিকুল ও বিল্লাল। তাঁরা প্রথমে ছোট জায়গা নিয়ে তার চারদিকে সাদা কাপড় দিয়ে ঘেরাও করেন। এরপর দুজনই গর্ত খুঁড়তে থাকেন। গর্তটি ঠিক কবরের মতো করা হয়। পরে সফিকুল গর্তে গিয়ে শুয়ে পড়েন। এরপর সেখানে মাটি ফেলে সফিকুলকে মাটি চাপা দিতে থাকেন বিল্লাল। মাটি চাপা দেওয়া যখন শেষ পর্যায়ে, তখন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আবার বিল্লালকে দিয়ে মাটি সরিয়ে অর্ধমৃত অবস্থায় সফিকুলকে বের করে আনে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে ও বিল্লালকে থানায় নিয়ে যায় পুলিশ।
জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, সফিকুল আটক বিল্লালের কথিত পীর বলে জানা গেছে। বিল্লাল তাঁকে বাবা বলে সম্বোধন করেন। বিল্লাল পুলিশের কাছে দাবি করেছেন, সফিকুলের নির্দেশ পেয়ে তিনি তাঁকে মাটিচাপা দিয়েছেন।
ওসি মোশারফ হোসেন বলেন, সফিকুল পুলিশের কাছে দাবি করেছেন, যে জায়গায় তাঁকে মাটিচাপা দেওয়া হয়েছিল সেই জায়গার মালিক তাঁর বাবা। কিন্তু বাবা মারা যাওয়ার পর স্থানীয় কয়েকজন তা দখল করেছেন। বাবার জায়গায় নিজের ‘কবর’ দেখে যাওয়ার জন্য তিনি বিল্লালকে মাটিচাপা দিতে বলেছেন।
ওসি বলেন, দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার খড়মপুরে। হত্যাচেষ্টার অভিযোগে বিল্লালের বিরুদ্ধে এবং আত্মহত্যার চেষ্টার অভিযোগে সফিকুলের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।