জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনজন
-বাবা তুই কোনটে?
-মা, হামি মেডিকেলে। হামাক তোমরায় চিনবার পারমিন না। হামাক চিনা যায় না মা। মুখ, হাত, পা সব পুড়ে গ্যাচে।
-তুই অবরোধত গাড়িত খ্যাপ মারবার গেলি ক্যান বাপ?
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বার্ন ইউনিটের বিছানায় শুয়ে গতকাল সোমবার দগ্ধ শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে এভাবেই মুঠোফোনে মায়ের সঙ্গে কথা বলছিলেন বাসচালকের সহকারী স্বপন মিয়া (৩৫)। তাঁর বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর বেতগাড়ী গ্রামে।
গত রোববার রাতে এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি রংপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা সেতুর কাছে অবরোধকারীদের হামলার কবলে পড়ে। গতকাল বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, দগ্ধ শরীর নিয়ে স্বপন কাতরাচ্ছেন। কাতরকণ্ঠে তিনি বলেন, এনা পরিবহনের বাসটি গঙ্গাচড়ার বেতগাড়ী থেকে রাজধানীর গাবতলী পথে চলাচল করে। বাসটির মালিক অবরোধের মধ্যে যেকোনোভাবে বাসটি রংপুর থেকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু অবরোধে রাস্তায় বাস নামাতে কিছুতেই মন সায় দিচ্ছিল না। শেষমেশ ৫২ আসনের বাসটিতে ৫৩ জন যাত্রী নিয়ে রাত ১০টার দিকে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।
স্বপন জানান, রংপুর থেকে পুলিশি পাহারায় বাস এগিয়ে চলে। পলাশবাড়ী ছেড়ে আসার পর পুলিশের গাড়ি আড়াল হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ পার হওয়ার পর কালীতলা সেতুর কাছে হঠাৎ একটি পেট্রলবোমা ছুটে এসে ইঞ্জিনের ওপর পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের হলকায় দম বন্ধ হয়ে আসে। গোটা শরীরে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বাস থেকে ঝাঁপ দেন।
আসাদুলকে নিয়ে শঙ্কা: গোবিন্দগঞ্জ এলাকায় একই রাতে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছেন হানিফ পরিবহনের যাত্রী আসাদুল ইসলাম। কিন্তু তাঁর এই অবস্থার কথা এখনো তাঁর পরিবারের লোকজন জানেন না। রংপুরের বদরগঞ্জ উপজেলার কসড়েপাড়া-কলুপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল পেশায় দিনমজুর।
আসাদুল জানান, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে তাঁর সংসার। অভাবের কারণে দিন চলছিল না। ছোট বোন ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি করে। সে কয়েক দিন আগে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠান। কিন্তু এক প্রতারক সেই টাকা বিকাশ থেকে তুলে চম্পট দিয়েছে। পরে তাঁর ছোট বোন আরও পাঁচ হাজার টাকা দিতে রাজি হয়। সেই টাকা সরাসরি আনতে ঢাকায় যাচ্ছিলেন আসাদুল। রোববার রাত ১০টার দিকে হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার শহীদুল্লাহ দেওয়ান বলেন, স্বপন ও আসাদুল দুজনের অবস্থাই সংকটাপূর্ণ।
খরচ নিয়ে বিপাকে পটল মিয়া: একই হাসপাতালের বার্ন ইউনিটে নয় দিন ধরে চিকিৎসাধীন ট্রাকচালক পটল মিয়া (৪০)। ৪ জানুয়ারি রাতে জয়পুরহাটের ইটাখোলা বাজার থেকে আলু নিয়ে ঢাকায় যাওয়ার পথে বগুড়ার বারপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন তিনি। তাঁর মুখ, হাত, পাসহ শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।
পটল মিয়ার স্ত্রী তুহিন বেগম বলেন, স্বামীর কামাই-রোজগার বন্ধ। বাড়িতে চুলা জ্বলছে না। ছোট ছোট সন্তানেরা খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছে। ধারদেনা করে এখন পর্যন্ত চিকিৎসা খরচ চলছে।