সুনামগঞ্জের সদর উপজেলায় বয়স্ক ভাতা পেতেন, এমন চার ব্যক্তিকে ‘মৃত দেখিয়ে’ তাঁদের ভাতা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের বয়স্ক ভাতার বই অন্য চারজনের নামে বরাদ্দ করা হয়েছে। তাঁরাই এখন ভাতা পাচ্ছেন। স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের দুই সদস্য এই অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তাঁরা উপজেলা সমাজসেবা কার্যালয়কে এ ঘটনার জন্য দায়ী করেছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন দুই বছর এবং অন্য দুজন এক বছর ভাতা পেয়েছেন।
ভুক্তভোগী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সদর উপজেলার হাসাউড়া গ্রামের মঞ্জিলা খাতুন ও আবদুল মতিন বয়স্ক ভাতার জন্য মনোনীত হন। এরপর তাঁরা টানা দুই বছর ভাতা পান। কিন্তু গত বছর তাঁরা কোনো ভাতা পাননি। এ ছাড়া ২০১৪ সালে রঙ্গারচর গ্রামের আবদুল ছত্তার ও করফুল নেছা বয়স্ক ভাতার জন্য মনোনীত হন। তাঁরা ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভাতা পেয়েছেন।
গত সোমবার জানতে চাইলে আবদুল ছাত্তার প্রথম আলোকে বলেন, গত বছরের জুন মাসে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছালেহা বেগম তাঁর ও করফুল নেছার কাছ থেকে বয়স্ক ভাতার বই দুটি নেন। এরপর আর বইগুলো ফেরত দেননি। গত সপ্তাহে এক আত্মীয়র মাধ্যমে তিনি সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁদের ‘মৃত’ দেখিয়ে দুজনের নাম কেটে দেওয়া হয়েছে। তাঁদের বদলে অন্য দুজনের নাম প্রতিস্থাপন করা হয়েছে।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, খাতাপত্রে আবদুল ছত্তারের বইটি দেওয়া হয়েছে উপজেলার নৈগাঙ গ্রামের জাহাঙ্গীর মিয়া এবং করফুল নেছার বইটি দেওয়া হয়েছে একই গ্রামের গয়না বিবিকে।
হাসাউড়া গ্রামের দুই ব্যক্তির কাছ থেকেও একইভাবে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আঞ্জব আলী বই নিয়ে আর ফেরত দেননি। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, হাসাউড়া গ্রামের মঞ্জিলা খাতুনের বই সরবরাহ করা হয়েছে একই গ্রামের মফিলা খাতুনের নামে। আবদুল মতিনের বইটি সরবরাহ করা হয়েছে পাশের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আরেক ব্যক্তির নামে।
রঙ্গারচর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছালেহা বেগম বলেন, তিনি বইগুলো ফেরত পেতে ছয় মাস ধরে সমাজসেবা কার্যালয়ে ঘোরাঘুরি করছেন। কিন্তু তাঁকে বলা হচ্ছে, এগুলো অবৈধ, বই দুটি আর ফেরত দেওয়া যাবে না। তিনি বলেন, ‘এখন শুনছি, তাঁদের নাকি মৃত দেখিয়ে অন্যদের নামে বই দুটি দেওয়া হয়েছে।’
রঙ্গারচর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আঞ্জব আলী বলেন, ‘দুই বছর ভাতা পাওয়ার পর এখন বলা হচ্ছে, বইয়ে সমস্যা আছে। অথচ এসব বিষয়ে আমরা কোনো কিছুই জানি না। মঞ্জিলা খাতুন প্রায় প্রতিদিন বইয়ের জন্য আমার কাছে এসে কান্নাকাটি করেন। আবদুল মতিনকেও কোনো জবাব দিতে পারছি না।’
এসব বিষয়ে ভারপ্রাপ্ত জেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, বয়স্ক ভাতার কোনো টাকা যাতে অবিতরণকৃত না থাকে, এ বিষয়ে কর্মকর্তাদের ওপর চাপ থাকে। এ কারণে কাউকে না পাওয়া গেলে নাম প্রতিস্থাপন করতে হয়। তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় ভুল হয়। তিনি বলেন, ‘আশা করি, ভবিষ্যতে আর এ রকম ভুল হবে না। আমি বলেছি, যাঁরা আগে ভাতা পেতেন, তাঁরাই পাবেন। এই চারজনের স্থলে যাঁদের নাম প্রতিস্থাপন করা হয়েছে, প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।’