জীবিত ব্যক্তির 'ময়নাতদন্ত' প্রতিবেদন
জীবিত ব্যক্তির নামে ‘ময়নাতদন্ত প্রতিবেদন’ দিয়ে বিপাকে পড়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আলী এহসান।
কেন এই মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন? আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ জানাতে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ওই চিকিৎসককে নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্র জানায়, গত ১২ অক্টোবর মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়ার মৃত আবদুল হাকিমের ছেলে নেছারুল করিম (৩২) সন্ত্রাসী হামলায় নিহত হন। এ ঘটনায় নিহত নেছারুল করিমের ভাই আনছারুল করিম বাদী হয়ে মহেশখালী থানায় সন্ত্রাসী রাশেদ খানসহ ২৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
অনুসন্ধানে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহেশখালী থানার এসআই সেলিম চৌধুরী ১২ অক্টোবর নিহত নেছারুল করিমের সুরতহাল প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভিকটিমের মাথায় গুলি ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কিন্তু পরের দিন ১৩ অক্টোবর লাশের ময়নাতদন্ত প্রতিবেদন দেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আলী এহসান। প্রতিবেদনে গুলি বা ধারালো অস্ত্রের আঘাত নেই। তা ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদনটি দিয়েছেন জীবিত ব্যক্তি অর্থাৎ মামলার বাদী আনছারুল করিমের নামে।
২০ নভেম্বর মামলার বাদী আনছারুল করিম মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁর নিহত ভাই নেছারুল করিমের পুনরায় ময়নাতদন্ত দাবি করেন। সঙ্গে ভুয়া ময়নাতদন্ত প্রতিবেদন প্রদানকারী চিকিৎসক আলী এহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানান।
আবেদনে বাদী উল্লেখ করেন, আসামির গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নেছারুল করিমের মৃত্যু হয়েছে। পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে এসআই সেলিম চৌধুরী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশের সঙ্গে পুলিশের সুরতহাল প্রতিবেদন ওই দিন চিকিৎসক আলী এহসানের হাতে দেওয়া হলেও প্রভাবশালী আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে মিথ্যা প্রতিবেদন দেন। এ কারণে হত্যা মামলার আসামিরা সহজে রেহাই পাবে। বাদী চিকিৎসকের ওই ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন।
আদেশের কপিতে ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, ‘সুরতহাল প্রতিবেদনে ভিকটিমের নাম নেছারুল করিম হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে ভিকটিমের নাম লেখা আছে আনছারুল করিম (৩২)। প্রকৃতপক্ষে আনছারুল করিম হচ্ছেন এই মামলার বাদী।’
অভিযোগ প্রসঙ্গে আলী এহসান বলেন, ‘চোখে যা-ই দেখেছি, ময়নাতদন্তে তা-ই লিখেছি। সুরতহাল প্রতিবেদনেও তো পুলিশ ভুল লিখতে পারে। আমার নাম আলী এহসান। কিন্তু আদালতের আদেশে লেখা হয়েছে “আহসান”। এ ক্ষেত্রে বিচারকও ভুল করেছেন। পুলিশ বাইরের অবস্থা দেখে লাশের সুরতহাল প্রতিবেদন দেয়। আমরা (চিকিৎসকেরা) লাশ কেটে ভেতরে বাইরে দেখে প্রতিবেদন দিই। গুলির দাগ না পেলে লিখব কেন? তবে সঠিক নাম লিখতে ভুল হয়েছে।’