জীবে দয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথের কুকুরটিকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করেছে। অসহ্য যন্ত্রণা নিয়ে কুকুরটি পথেঘাটে ঘুরছে। মানুষ কুকুরটিকে দেখছে। তবে কারও মনে দাগ কাটেনি। অবশেষে কুকুরটিকে দেখে দয়া হয় এক গৃহবধূর। তিনি প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে কুকুরটি সুস্থ হয়ে উঠছে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে গাজীপুরের বোর্ডবাজার বটতলা এলাকায়। আর ওই গৃহবধূ হলেন বোর্ডবাজার বটতলা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী মাধুরী ইসলাম।

মাধুরী ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কুকুরটিকে দেখে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কুকুরটিকে মেরে ফেললেও সে কষ্ট থেকে মুক্তি পেত। কিন্তু তা তো আর করতে পারব না। পরে বিষয়টি স্বামীকে জানাই। কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। অবশ্য পশুপাখির চিকিৎসা করে ফেসবুকের এমন একটি গ্রুপের সঙ্গে আমার যোগাযোগ ছিল। সেখানে ক্যামেলিয়া নামে একজনের সঙ্গে পরিচয় হয়। কুকুরটির ক্ষতস্থানের ছবি তুলে তাঁর কাছে পাঠাই। এটা দেখে ক্যামেলিয়া বলেন, কুকুরটিকে বাঁচানো সম্ভব। গত ২৯ ডিসেম্বর সকালে ক্যামেলিয়া ঢাকা থেকে চলে আসেন গাজীপুরে। এরপর কোলে তুলে কুকুরটিকে অটোরিকশায় করে ঢাকার প্রাণী কল্যাণ সংস্থা সিএফপিতে নিয়ে যান। ক্ষতস্থানে সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কয়েক দিন পর তিনি কুকুরটিকে আবার দিয়ে যান।’

গত রোববার সকালে বোর্ডবাজার বটতলা এলাকায় গিয়ে দেখা যায়, কুকুরটি একটি মাংসের দোকানের সামনে বসে আছে। পাশের এক দোকানি কুকুরের ক্ষতস্থানে কাপড় বেঁধে দিয়েছেন, যাতে ধুলাবালি না লাগে। কুকুরটিকে এখন আর সহজে ধরা যায় না। প্রাণীটি একটু আতঙ্কে আছে। প্রতিদিন এটিকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হচ্ছে। পাশের ওষুধ বিক্রেতা মো. জাহাঙ্গীর কুকুরটিকে ইনজেকশন দিচ্ছেন।

মাধুরী ইসলাম আরও বলেন, কুকুরটির সঙ্গে এমন নিষ্ঠুর কাজ যে করেছে, তার শাস্তি হওয়া উচিত।

গাজীপুরে পশুকল্যাণে কাজ করেন মো. সেলিম হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, পশুদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। ভালো ব্যবহার করলে তার কাছ থেকে উপকার পাওয়া যায়।