জীর্ণ ভবন, অপরিচ্ছন্ন পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাঁতসেঁতে দেয়াল। খসে পড়ছে পলেস্তারা। রোগীদের বিছানাগুলো অপরিচ্ছন্ন। এ রকম নোংরা পরিবেশেই চিকিৎসা কার্যক্রম চলছে রংপুর বক্ষব্যাধি হাসপাতালে।
রোগী ও তাঁদের স্বজনেরা বলছেন, বাধ্য না হলে এখানে কেউ চিকিৎসা নিতেও আসতে চান না। এর কারণ, হাসপাতালের পরিবেশ নোংরা। শৌচাগার ব্যবহারের অনুপযোগী। দুর্গন্ধে এর আশপাশ দিয়েও হাঁটা যায় না।
যক্ষ্মা রোগীদের চিকিৎসার জন্য ১৯৬৫ সালে রংপুর শহরের তাজহাটে বক্ষব্যাধি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। একতলা একটি ভবনের ছয়টি কক্ষে চলছে হাসপাতালের চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম। এর মধ্যে একটি মহিলা ও দুটি পুরুষ ওয়ার্ড। অন্য তিনটি কক্ষে চিকৎসক, কর্মচারীদের বসার ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম চলে। ২০ শয্যার এই হাসপাতালে দুজন চিকিৎসক ও ১৪ জন কর্মচারী দায়িত্ব পালন করছেন।
হাসপাতালের চিকিৎসক মর্তুজার রহমান বলেন, হাসপাতালের অবকাঠামো খুব দুর্বল। অনেক আগে নির্মিত ভবনটির সংস্কার হয়নি বললেই চলে।
গত বৃহস্পতিবার হাসপাতালে রোগী ভর্তি ছিল ১২ জন। তাঁদেরই একজন রংপুরের পীরগঞ্জের রোগী রুহুল আমিন। দুই মাস ধরে চিকিৎসা চলছে তাঁর। তিনি বলেন, হাসপাতালটা পরিষ্কার থাকা দরকার। একই কথা বলেছেন রংপুর সদর উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা আতিয়ার রহমান ও চওড়াহাট এলাকার হাবিবুল্লাহ।
পুরুষ ওয়ার্ডের বেডগুলোও অনেক পুরোনো। শয্যার পাশে রোগীদের খাবার ও ওষুধ রাখার জন্য লোহার তাকটির জীর্ণদশা। মরিচা পড়ে এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
জেলা সিভিল সার্জন মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, এই হাসপাতাল ভবনটি অনেক পুরোনো। এ কারণে জীর্ণদশা হয়েছে। তিনি বলেন, ভবনটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে।