জুড়ী ও নকলায় আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে গতকাল বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্বিতীয় ধাপে ওই উপজেলায় নির্বাচন হবে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ এবং ওই ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাক খান, পূর্ব জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ও ‘বিদ্রোহী’ প্রার্থী মইনুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শ্রীকান্ত দাস ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী আনফর আলী, বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, বিএনপির প্রার্থী মাছুম রেজা এবং সাগরনাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল সহকারে উপজেলা পরিষদে এসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) আচরণ বিধিমালার ১১-এ বলা হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না বা প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না।
চেয়ারম্যান প্রার্থী শ্রীকান্ত দাস, আনফর আলী, হেলাল উদ্দিন, মাছুম রেজা, মোস্তাক খান, মইনুল ইসলাম ও রফিকুল ইসলাম বলেন, কর্মী-সমর্থকেরা স্বেচ্ছায় তাঁদের সঙ্গে মনোনয়নপত্র দাখিলে যোগ দিয়েছেন।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় আচরণবিধি লঙ্ঘন করে শোভাযাত্রাসহ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে শোভাযাত্রা সহকারে নিজ নিজ ইউনিয়ন থেকে উপজেলা সদরে আসেন। শোভাযাত্রায় নৌকা প্রতীক ও বইঠা প্রদর্শন করা হয়। প্রতিটি শোভাযাত্রার সামনে ছিলেন চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলা নির্বাচনী ও রিটার্নিং কর্মকর্তা মো. মাকসুদুল আলম বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কার্যালয়ের সামনে কেউ শোভাযাত্রা করেননি। তবে রাস্তায় শোভাযাত্রা করলে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।