জুড়ী সীমান্তে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকি সীমান্ত এলাকা থেকে ভারতে অপহরণ করে নিয়ে যাওয়া এক বাংলাদেশি ব্যবসায়ীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপহরণের ১৪ দিন পর তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম খছরু মিয়া (৩৫)। তাঁর বাড়ি বড়লেখার শাপলাগেট এলাকায়। তিনি আগরবাতি ও আতর ব্যবসায়ী।
বিজিবি গতকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। সম্মেলনে সিলেটের বিজিবির ৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল নেয়ামুল কবীর বলেন, ৭ মার্চ ব্যবসায়িক কাজে খছরু বড়লেখা উপজেলার লাতু সীমান্তের বড়াইগ্রামে গেলে কবির হোসেন নামের এক ব্যক্তি তাঁকে অপহরণ করে ভারতে নিয়ে যান। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় কবিরের আত্মীয় লোকমান হোসেনের বাড়িতে প্রথমে খছরুকে আটকে রাখা হয়। পরে অপহরণকারীরা খছরুর স্ত্রী সায়মা বেগমের কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করে। সায়মা বিষয়টি বিজিবির কর্মকর্তাদের জানান। পরে এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৫৩ ও ৩৩ ব্যাটালিয়নের কর্মকর্তা এবং করিমগঞ্জ জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়। টের পেয়ে অপহরণকারীরা খছরুকে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজকি সীমান্তে ফেলে রেখে চলে যায়। সেখান থেকে বিজিবির টহল দল অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে।