জুড়ীতে উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি পাজেরো গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত নয়টার দিকে জুড়ী-কুলাউড়া সড়কের ভূঁয়াই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
গাড়িটির চালক বদরুল ইসলাম জানান, আজ রাত আটটার দিকে গ্যাস নিতে তিনি গাড়িটি নিয়ে পার্শ্ববর্তী কুলাউড়া পৌর শহরের একটি সিএনজি স্টেশনে যান। সেখান থেকে ফেরার পথে ভূঁয়াই এলাকায় পৌঁছালে মুখোশধারী ১০-১৫ জন লোক গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি ইটের টুকরো ছুড়তে থাকে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এক পর্যায়ে তিনি গাড়িটি নিয়ে দ্রুত জুড়ীর দিকে চলে যান। খবর পেয়ে রাত সাড়ে নয়টার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১০টার দিকে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ আলম সরকার ঘটনাস্থলে পরিদর্শন করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অবরোধ ও হরতালকারীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’