জুড়ীতে উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি পাজেরো জিপগাড়ি গত রোববার রাতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
পুলিশ জানায়, গাড়িটি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায়চৌধুরী ব্যবহার করেন। গ্যাস আনতে রোববার রাত আটটার দিকে চালক বদরুল ইসলাম একা গাড়ি নিয়ে পাশের কুলাউড়া পৌর শহরের একটি সিএনজি স্টেশনে যান। সেখান থেকে ফেরার পথে রাত নয়টার দিকে ভূঁয়াই এলাকায় পৌঁছালে সড়কের ডান পাশে ওত পেতে থাকা ১০-১৫ জন মুখোশধারী লোক গাড়িটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট ছুড়তে থাকে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান বদরুল। একপর্যায়ে বদরুল কৌশলে দ্রুত গাড়ি নিয়ে জুড়ীর দিকে চলে যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় বদরুল থানায় জিডি করেন।
জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী জানান, অবরোধ ও হরতালের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।