জুড়ীতে এক পারিবার 'একঘরে' সাত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে একটি পরিবারকে সাত দিন ধরে ‘একঘরে’ করে রাখা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার জুড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী কয়েকজন বলেন, জাঙ্গালিয়া গ্রামের মৃত আবদুল জলিলের স্ত্রী পিয়ারা বেগমের সঙ্গে তাঁর ভাইপো ও প্রতিবেশী আবদুল আউয়ালের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হয়। কিন্তু সমস্যার নিষ্পত্তি হয়নি। সম্প্রতি বিরোধের জের ধরে তাঁদের ঝগড়া হয়। এ ব্যাপারে ২৬ জুন দুই পক্ষ জুড়ী থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে।
পিয়ারা বেগমের মেয়ে মনোয়ারা বেগম বলেন, ১০ জুলাই অভিযোগ তদন্ত করতে এলে গ্রামের পঞ্চায়েত কমিটির সম্পাদক আতাউর রহমান পুলিশের কাছে তাঁদের সম্পর্কে আজেবাজে মন্তব্য করেন বলে জানতে পারেন। সেদিনই তাঁরা আতাউরকে তাঁদের বাড়িতে আসতে বলেন ও এ সম্পর্কে জানতে চান। ওই দিন জুমার নামাজের পর গ্রামের মসজিদে তাঁদের পরিবারকে ‘একঘরে’ করার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে আতাউর রহমান বলেন, পিয়ারার বাড়িতে ডেকে নিয়ে তাঁকে অপদস্থ করা হয়। এ ব্যাপারে তিনি পঞ্চায়েতের কয়েকজন মুরব্বিকে বিচার দেন। পরে পঞ্চায়েতের লোকজনের সিদ্ধান্তে তাঁদের পরিবারকে একঘরে করা হয়।
সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই গ্রামের মো. আবদুল্লাহ্ বলেন, পিয়ারার পরিবারের লোকজন গ্রামের মুরব্বিদের সম্মান দেয় না। তাই সবাই মিলে ওই পরিবারকে একঘরে করেছে।
এ বিষয়ে পিয়ারা বেগম বলেন, তাঁরা কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি অভিযোগ করেন, বসতবাড়ি থেকে উচ্ছেদ করে জমি দখল করতেই তাঁদের একঘরে করে রাখা হয়েছে।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক হাওলাদার জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।