মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ২২ এপ্রিল থেকে উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা কার্যালয়ের ব্যবস্থাপনায় এ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ৮ এপ্রিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পরীক্ষা গ্রহণের সময়সূচি উল্লেখ করে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে প্রশ্নপত্রের জন্য সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের মাথাপিছু তিন টাকা হারে ২০ এপ্রিল শিক্ষা কার্যালয়ে জমা দিয়ে প্রশ্নপত্র সংগ্রহ করতে বলা হয়। ১৬ এপ্রিল শিক্ষা কার্যালয়ের মাসিক সমন্বয় সভায় শিক্ষা কর্মকর্তা প্রশ্নপত্রের জন্য প্রধান শিক্ষকদের চার টাকা করে জমা দিতে বলেন।
নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষক গত সোমবার জানান, শিক্ষার্থীদের মাথাপিছু চার টাকা করে শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিয়ে তাঁরা প্রশ্নপত্র গ্রহণ করেছেন। তাঁরা অভিযোগ করেন, সরকারি নিয়ম ভঙ্গ করে শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত টাকা নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা জানান, প্রশ্নপত্র তৈরির খরচ বেড়ে গেছে। সে কারণে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালাপ্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে শিক্ষা কর্মকর্তা আগে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। এ ছাড়া এটা বেআইনি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশ্নপত্র বুঝতে খুদে শিক্ষার্থীদের ‘কষ্ট’: উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার থেকে বিভিন্ন শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। সরেজমিনে দুপুরে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে, তৃতীয় শ্রেণির বাংলা বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা চলছে। প্রশ্নপত্রের অক্ষর এত ছোট যে খুদে শিক্ষার্থীরা একেবারে মাথা নুয়ে প্রশ্ন বোঝার চেষ্টা চালাচ্ছে। হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী বলে, ‘ছোট অক্ষর, বুঝতে কষ্ট হয়।’ পাশে বসা আরও কয়েকজন শিক্ষার্থী তার কথায় সায় দেয়।
ভূঁয়াই প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহেষ দাশ জানান, তাঁর ছেলে লেখাপড়ায় ভালো। কিন্তু ভালোমতো প্রশ্ন না বোঝায় সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। এ ধরনের প্রশ্নপত্র করে খুদে শিক্ষার্থীদের ‘মানসিক নির্যাতন’ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির বরণ রুদ্রপাল বলেন, ‘অন্য শ্রেণির প্রশ্নপত্রে সমস্যা হয়নি। শুধু তৃতীয় শ্রেণিতে এটা ঘটেছে। এতে আমরাও বিড়ম্বনায় পড়ি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা জানান, ব্যস্ততার কারণে প্রশ্নপত্র দেখার সময় হয়নি। ছাপাখানার ভুলে এ সমস্যা হয়েছে বলে তিনি দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ছোট অক্ষরে প্রশ্নপত্র করা মোটেই সমীচীন হয়নি। শিক্ষা কর্মকর্তা এর দায় এড়াতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।